ওজন কমাতে গ্রিন টি, মাচা টি নাকি লিকার চা- কোনটি বেশি কার্যকর?
গ্রিন টি, মাচা টি, লিকার চা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১২:০৪ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ১২:২৬
ওজন কমাতে অনেকেই গ্রিন টি খান। কেউ আবার মাচা টি , কেউ বা ব্ল্যাক টি বা লিকার চা পছন্দ করেন। অনেকের হয়তো জানা নেই, একই গাছ থেকে তৈরি হলেও এদের গুণাগুণ সম্পূর্ণ আলাদা। শরীরে এদের কাজ করার পদ্ধতিও ভিন্ন। এসব চায়ে গুণাগুণ ও কার্যকারিতা জানানো হয়েছে টিভি নাইনের এক প্রতিবেদনে।
গ্রিন টিতে রয়েছে এপিগ্যালোকাটেচিন গ্যালেট বা ইজিসিজির মতো শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। যখন এই ইজিসিজি চায়ের প্রাকৃতিক ক্যাফেইনের সঙ্গে মিশে যায়, তখন শরীরের বিপাকের হার অনেকটা বেড়ে যায়। নিয়মিত শারীরিক পরিশ্রমের সঙ্গে এটি খেলে শরীর অত্যন্ত দ্রুত ও কার্যকরভাবে মেদ ঝরতে শুরু করে।
মাচা আসলে গ্রিন টি-এরই একটি বিশেষ এবং অনেক বেশি শক্তিশালী রূপ। এটি সাধারণত গাছ ছায়ায় রেখে তৈরি করা হয়। যেহেতু এতে পুরো পাতাটিকেই গুঁড়ো করে পানির সঙ্গে সরাসরি খেয়ে নেওয়া হয়, তাই শরীরে পুষ্টিগুণ অনেক বেশি পরিমাণে পৌঁছায়। সাধারণ গ্রিন টি-এর তুলনায় মাচা চা থেকে অনেক বেশি অ্যান্টি-অক্সিডেন্ট এবং ক্যাফেইন পাওয়া যায়।
মাচায় থাকা উচ্চমাত্রার ক্যাফেইন এবং এল-থিয়েনিন নামক অ্যামাইনো অ্যাসিড শরীরকে দীর্ঘক্ষণ সতেজ ও শক্তিতে ভরপুর রাখে। কফির মতো হঠাৎ করে শক্তি কমে যাওয়া বা বুক ধড়ফড় করার সমস্যা হয় না। যারা নিয়মিত ভারী ব্যায়াম বা জিম করেন, তাদের জন্য প্রি-ওয়ার্কআউট পানীয় হিসেবে মাচা দুর্দান্ত কাজ দেয়।
ওজন কমানোর ক্ষেত্রে ব্ল্যাক টি বা লিকার চাও উপকারী। এতে থাকা নানা উপাদান সরাসরি রক্তে না মিশে আমাদের পেটের ভেতরের ভালো ব্যাকটেরিয়া বা অন্ত্রের স্বান্থ্য উন্নত করে মেদ কমায়।
আপনার জন্য ঠিক কোন চা উপকারী হবে তা পুরোপুরি নির্ভর করছে আপনার প্রতিদিনের অভ্যাস এবং স্বাদের পছন্দের ওপর। আপনি যদি ক্যাফেইনের প্রতি সংবেদনশীল হন এবং হালকা স্বাদের কিছু চান, তাহলে সাধারণ গ্রিন টি আপনার জন্য সেরা। আর যদি বিপাকের হার বাড়াতে চান এবং বাজেট একটু বেশি থাকে, তবে মাচা বেছে নিন।
যারা দীর্ঘদিন ধরে সকালে লিকার চা বা দুধ ছাড়া একটু কড়া চা খেতে অভ্যস্ত, তারা ওজন কমাতে ব্ল্যাক টি বেছে নিতে পারেন। তবে মনে রাখতে হবে, কোনও চা-ই জাদুকরী মন্ত্রে নিজে থেকে ওজন কমিয়ে দেবে না। সঠিক ডায়েট আর শারীরিক পরিশ্রমের পাশাপাশি এই পানীয়গুলো মেদ ঝরাতে সাহায্য করে।
- বিষয় :
- গ্রিন টি
