২১ ঘণ্টা পর পুশইন চেষ্টায় ব্যর্থ, ৯ জনকে ফেরত নিল বিএসএফ
ছবি- সমকাল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১১:২৮
নওগাঁর সাপাহার সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে বিএসএফ। প্রায় ২১ ঘণ্টা ধরে চলা এই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বুধবার দিবাগত রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা তাদের ভারতে ফিরিয়ে নেয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোর ৪টার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলারের উত্তর পাতাড়ি এলাকা দিয়ে বিএসএফের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু ছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত টহল মোতায়েন করে বিজিবি। সীমান্তে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থান গ্রহণ করেন। ফলে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ হয়।
পাতাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান বলেন, পুশইনের খবর পাওয়ার পর গ্রামের লোকজন ঘটনাস্থলে চলে আসে। বিজিবি সদস্যদের সঙ্গে আমরাও সতর্ক অবস্থানে ছিলাম। বিজিবি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করেছে। তারা কোনোভাবেই ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয় এবং সদস্যরা কঠোর নজরদারিতে নিয়োজিত ছিল। রাত ১টার দিকে বিএসএফ সীমান্ত এলাকার লাইট বন্ধ করে দেয়। পরে রাতের আঁধারে তারা পুশইনের চেষ্টা থেকে সরে এসে ওই ব্যক্তিদের ভারতে ফিরিয়ে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। ভোর হওয়ার পর সেখানে আর কাউকে দেখা যায়নি। বর্তমানে ওই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে।
