ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

এবার নির্বাচনে শেষ পর্যন্ত লড়ে যাবেন তাবিথ

এবার নির্বাচনে শেষ পর্যন্ত লড়ে যাবেন তাবিথ
×

তাবিথ আওয়াল- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০৯:৫৮

এবার নির্বাচনে শেষ পর্যন্ত লড়ে যাবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। এ নির্বাচনকে 'রাজনৈতিক যুদ্ধ' উল্লেখ করে আগেভাগে মাঠ না ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে ২০১৫ সালে অনুষ্ঠিত সিটি নির্বাচনে ভোটের দিন দুপুরের মধ্যেই নির্বাচন বর্জন করেছিলেন তিনি। 

বৃহস্পতিবার দুপুরে দলের এক কর্মিসভায় এ ঘোষণা দেন তাবিথ। ঢাকায় সোনারগাঁও রোডে হক টাওয়ারের তৃতীয় তলায় বিএনপির ডিএনসিসি নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এই কর্মিসভা অনুষ্ঠিত হয়।

তাবিথ আউয়াল বলেন, এই সিটি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ১৬ কোটি মানুষ এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তারা বিএনপির প্রতি একটি জনরায় চায়। সারাদেশের প্রতিনিধি হিসেবে ডিএনসিসির ৩০ লাখ ভোটার সেই কাঙ্ক্ষিত রায় দেবেন বলে দাবি করেন বিএনপির এই প্রার্থী।

তিনি বলেন, আমাদের প্রস্তুত থাকতে হবে। ভোটারদের সহযোগিতা করে ভোটের বাক্সে জনরায় নিয়ে ঘরে ফিরতে হবে। এজন্য ভোট গণনা পর্যন্ত লড়ে যেতে হবে। বিএনপি তাকে দ্বিতীয় দফায় মেয়র প্রার্থী করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাবিথ বলেন, কথা দিচ্ছি, এই নির্বাচন একটা যুদ্ধ। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সামনে থেকে লড়াই করে যাব।

নির্বাচনকে কেন্দ্র করে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে আনা ও খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করার জন্য দলের কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ নির্বাচন কমিশনের প্রতি কারও আস্থা নেই। দিন দিন আশঙ্কা বেড়েই যাচ্ছে।

সভাপতির বক্তব্যে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, ইতোমধ্যে তাদের বিভিন্ন সংরক্ষিত আসনের নারী প্রার্থী, কাউন্সিলর প্রার্থীদের বাড়ি বাড়ি হানা দেওয়া হচ্ছে। কাউকে জোর করে বসিয়ে দেওয়ার চক্রান্ত করছে। অনেককে হুমকি দেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের নির্বাচনে জালিয়াতির আশঙ্কা করে তিনি বলেন, অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র জালিয়াতির আভাস পাওয়া গেলে এখান থেকেই সরকার পতনের আন্দোলনের সূচনা হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসানের পরিচালনায় কর্মিসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, যুবদলের সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, উত্তরের সহসভাপতি বজলুল বাসিত আনজু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান বক্তব্য দেন।

আরও পড়ুন

×