ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাকে গুলি

অস্ত্র সরবরাহকারী সজলসহ গ্রেপ্তার ৪, পিস্তল উদ্ধার 

অস্ত্র সরবরাহকারী সজলসহ গ্রেপ্তার ৪, পিস্তল উদ্ধার 
×

অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তারকৃতরা (ছবি-সংগৃহীত)

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১৩:৪২ | আপডেট: ১৯ জুন ২০২৬ | ১৩:৪৩

রাজধানীর ওয়ারীর শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র-মাদকের গডফাদার হিসেবে পরিচিত ইসমাইল হোসেন সজল ওরফে অটো সজলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্যরা হলেন- মো. বাপ্পী, মো. হানিফ ও মোছা. শামসুন্নাহার। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। 

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘২ মার্চ অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওয়ারী থানায় মামলা হয়। তদন্তে প্রথমে তিনজনকে গ্রেপ্তার ও তিনটি অস্ত্র উদ্ধার করা হয়। পরে আদালতে দেওয়া তাদের ১৬৪ ধারার জবানবন্দিতে হামলায় ব্যবহৃত অস্ত্র সজল সরবরাহ করেছিলেন বলে তথ্য পাওয়া যায়। এরপর তাকে ধরতে অভিযান শুরু করে পুলিশ।’

তিনি বলেন, ‘এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে অটো সজলকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।’ তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত কমিশনার জানান, সজলের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৯টা ৫০ মিনিটে গেন্ডারিয়ার স্বামীবাগে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন তৈরির কাজে ব্যবহৃত ৮৭ গ্রাম ‘মেডি’, মাদক বিক্রির ২২ হাজার ৯৬০ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন

×