ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ শ্রমিকদের
×
×

মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ীর ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হন। ছবি: সমকাল

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ১১:২৭ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ | ১৪:০৭

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বাড়ানোর দাবিতে পৃথক এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে মহানগরের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানার শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। অন্যদিকে, বেতন বাড়ানোর দাবিতে সদর উপজেলার ভবানীপুর ও বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ীর ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হন। ইসলাম গার্মেন্টসের এক শ্রমিক মারা গেছেন-এমন গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে শ্রমিকেরা আরও উত্তেজিত হয়ে ওঠেন। পরে সকাল পৌনে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ইসলাম গার্মেন্টসসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুরের মেম্বারবাড়ী ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা। বেতন বাড়ানোর দাবিতে তারা মহাসড়কের দুই স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা মেম্বারবাড়ী এলাকায় মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারী যাত্রীরা।

বেলা ১১টা পর্যন্ত বাঘের বাজার ও ভবানীপুর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
 

আরও পড়ুন

×