ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা
×
×

কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ১৪:২২ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ | ১৪:২৩

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেও ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। মঙ্গলবার দুপুর পর্যন্ত কোথাও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ কিংবা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেনি।

সকালে অন্যান্য দিনের তুলনায় অধিকাংশ কারখানায় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। তবে কয়েকটি কারখানায় শ্রমিকরা উপস্থিত হয়েও কাজ না করায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২০টি কারখানা।

শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আশুলিয়ায় সান ফ্যাশন গার্মেন্টস লিমিটেড, স্টারলিং ক্রিয়েশন লিমিটেড, বান্দো ডিজাইন লিমিটেড ও নিউএইজ গ্রুপের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এম অ্যান্ড এইচ করপোরেশন লিমিটেড এবং আজমত গ্রুপের কারখানা মৌখিকভাবে বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের কারণে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রয়েছে ২০টি কারখানা। এগুলো হলো সুসুকা নিট লিমিটেড, ক্রিস্টাল কম্পোজিট লিমিটেড, আউটলেট স্টিচ লিমিটেড, সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া লিমিটেড, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট লিমিটেড, জিম্যাক্স ক্লোথিং লিমিটেড, টপ টেক্স সোয়েটার লিমিটেড, ফুটস্টেপস বাংলাদেশ লিমিটেড, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মণ্ডল নিটওয়্যার লিমিটেড, আর্টিস্টিক ডিজাইন লিমিটেড, নেক্সট কালেকশন লিমিটেড, এনভয় গ্রুপ, আরপি ক্রিয়েশন অ্যাপারেলস লিমিটেড, হংকুন লেদার কোম্পানি লিমিটেড, ভার্চুয়াল বটমস লিমিটেড, প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের গার্মেন্টস ডিভিশন এবং ইয়াগী বাংলাদেশ লিমিটেড।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকাল থেকেই তৈরি পোশাক শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। কয়েকটি কারখানায় শ্রমিকরা ভেতরে প্রবেশ করলেও কাজ না করায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দুটি কারখানা মৌখিকভাবে বন্ধ রাখা হয়েছে। শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২০টি কারখানা বন্ধ রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

আরও পড়ুন

×