সিদ্ধিরগঞ্জে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা
গুড়িয়ে দেওয়া বাড়ির ধ্বংসাবশেষ। ছবি: সমকাল/মেহেদী হাসান সজীব
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ১৫:৩০ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ | ১৫:৩৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে টিনশেড একটি বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, প্রায় ১০ কোটি টাকা মূল্যের সাড়ে ১২ শতাংশ জমি দখলের উদ্দেশ্যে ১৫০ থেকে ২০০ জনের একটি দল এ ঘটনা ঘটিয়েছে। এতে তাদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
সোমবার দিবাগত রাত ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোসা. সুলতানা বেগমের দাবি, প্রায় ৪০ বছর ধরে তারা ওই বাড়িতে বসবাস করছেন। হামলাকারীরা প্রায় দুই ঘণ্টার মধ্যে বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে ফেলে।
সুলতানা বেগম বলেন, ‘রাতের বেলা আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দেখি সব কাঁপছে। মনে করেছিলাম ভূমিকম্প হচ্ছে। কিন্তু দৌড়ে বাইরে গিয়ে দেখি আমার ৪০ বছরের বসতভিটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলছে। রাত ৪টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুই ঘণ্টার মধ্যে আমার সমস্ত বাড়ি ভেঙে শেষ করে দিয়েছে। এখন আমি থাকব কোথায়?’
তিনি আরও বলেন, ‘এই বাড়ি আমার নানির বাড়ির সম্পত্তি ছিল, পাশে আমরা আরও কিছু জমি কিনেছি। আজ আমার বাড়িঘর ভেঙে আমাকে পথে বসানো হলো, আমি এর সুষ্ঠু বিচার চাই।’
ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, হিরাঝিল এলাকার সাড়ে ১২ শতাংশ পৈতৃক ও ক্রয়কৃত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি দেওয়ানি মামলাও চলমান। এর আগে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিকবার সালিশি বৈঠক হলে আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়।
সুলতানা বেগমের ভাই গোলাম মোস্তফা জানান, গত ৫ নভেম্বর রাত ১১টার দিকেও একই দল ভেকু ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ভাঙতে আসে। তখন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে অভিযুক্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ৭ নভেম্বর আবার হামলার হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি।
হিরাঝিল আবাসিক এলাকা সমাজকল্যাণ সমিতির সভাপতি আব্দুল মতিন বলেন, রাতে বুলডোজার দিয়ে এভাবে একটি বাড়ি ভেঙে ফেলা কাম্য নয়। সন্ত্রাসী যে-ই হোক, তাদের গ্রেপ্তার করা দরকার।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে সুলতানা বেগম ৬ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় এবং ৭ নভেম্বর নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) বরাবর ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন বলেন, ‘এই জমি নিয়ে বিরোধ ছিল। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলাম। রাত ৪টার দিকে বাড়ি ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পুলিশ পাঠিয়েছি। যারাই রাতের আধারে এ ধরনের ন্যক্কারজনক কাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
- বিষয় :
- নারায়ণগঞ্জ