গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ছবি: সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ১৪:০৪
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধে উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল। মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ী, মৌচাক, ভোগড়া বাইপাস, বাংলাবাজার, কলম্বিয়া, সালনা ও বাঘের বাজারসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার গাজীপুরের ৭০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া প্রায় ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে যান। একপর্যায়ে বেতন বৃদ্ধির দাবিতে তারা বিভিন্ন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে দুই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। প্রায় এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও যান চলাচল শুরু হয়।শ্রমিক বিক্ষোভের প্রভাবে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। তাদের ছত্রভঙ্গ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকায় ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।