ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

শুক্রবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট সব ব্যাংকের শাখা খোলা

শুক্রবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট সব ব্যাংকের শাখা খোলা
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২০ | ০৬:৪৭

তৈরি পোশাক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রপ্তানি বিল বিক্রি এবং শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্তে ঈদের আগের দিন আগামী ৩১ জুলাই শুক্রবার সংশ্লিষ্ট সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এসব শাখা খোলা রাখতে হবে। এ দিন কেন্দ্রীয় ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থাও খোলা থাকবে।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, আসন্ন ঈদ-উল-আজহার আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রপ্তানি বিল বিক্রি এবং এসব শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখা খোলা রাখতে হবে।

আরও বলা হয়, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে এ দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। তবে লেনদেন হবে দুপুর ১২টা পর্যন্ত। এ দিন বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থাও সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্তে উপরিল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোন ব্যাংক শাখার উপর চেক দেওয়া যাবে না। এসব এলাকার বাইরের চেক দিলে যথারীতি তা প্রত্যাখ্যাত হবে।

আরও পড়ুন

×