পুঁজিবাজার চাঙ্গার নামে রোডশো অর্থের অপচয়
বিতর্ক অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান
মাসুদ খান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ০৭:৪৬
| প্রিন্ট সংস্করণ
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ওপর বর্তমানে কোনো রাজনৈতিক চাপ নেই। নির্বাচনী ইশতেহারে পুঁজিবাজারকে চাঙ্গা করার যে অঙ্গীকার করা হয়েছিল, তা বাস্তবায়নে বিএনপি সরকার ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে। বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান এমন মন্তব্য করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিএসইসিকে স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা দিয়েছেন। বর্তমান কমিশন কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই কাজ করে যাচ্ছে। এতে ধীরে ধীরে শেয়ারবাজারে আস্থার পরিবেশ সৃষ্টি হচ্ছে।
‘দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণেই পুঁজিবাজারে আস্থার সংকট তৈরি হয়েছে’ বিষয়ে গতকাল শনিবার এক বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ খান এসব কথা বলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আয়োজক ডিবেট ফর ডেমোক্রেসি। রাজধানীর এফডিসি স্টুডিওতে ‘ছায়া সংসদ’ নামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
বিভিন্ন সময়ে পুঁজিবাজার চাঙ্গার নামে রোডশো করার প্রসঙ্গে তিনি বলেন, এসবের কোনো প্রয়োজন নেই। ভালো ভালো কোম্পানিকে তালিকাভুক্তির মাধ্যমে মার্কেটকে আকর্ষণীয় করতে পারলে বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবেন। রোডশোর নামে অর্থ অপচয় কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
তিনি জানান, ব্রোকারেজ হাউসগুলোর অনিয়ম নিয়ন্ত্রণে বেশ কিছু সংস্কারমূলক কার্যক্রম চলছে। হাউসগুলোয় ঘন ঘন অডিটের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে পুঁজিবাজারে স্বচ্ছতা আসবে।
বিএসইসির চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকারের রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থায় সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি এ বাজারকে বড় করতে খ্যাতনামা বহুজাতিক কোম্পানি ও বড় প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনতে সরাসরি তালিকাভুক্ত হওয়ার সুযোগ দেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের সময়ে সব শেয়ারহোল্ডারকে শূন্য করে পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করা এবং কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রসঙ্গে কথা বলেন তিনি। মাসুদ খান বলেন, এসব প্রতিষ্ঠানের সম্পদের চেয়ে দেনা বেশি। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাংলাদেশের পুঁজিবাজার দীর্ঘ দুই দশকে কাঙ্ক্ষিত গতি পায়নি। দীর্ঘদিনের কারসাজি, আস্থাহীনতা ও সুশাসনের ঘাটতিসহ নানা সংকট মোকাবিলা করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পুঁজিবাজার। এবারই প্রথমবারের মতো রাজনৈতিক বিবেচনা ছাড়াই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে এনে পুঁজিবাজারকে চাঙ্গা করতে ভূমিকা রাখবে।
ছায়া সংসদে সোনারগাঁও ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে প্রাইম ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
তিনি আরও বলেন, ডিএসইকে আগামী এক বছরের মধ্যে তাদের সার্ভেইল্যান্স বিভাগকে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর করতে বলা হয়েছে। তখন আর কারসাজিকারীরা চাইলেই দুর্বল শেয়ারে কারসাজি করতে পারবে না।
মাসুদ খান বলেন, অধিকাংশ ক্ষুদ্র বিনিয়োগকারীর পুঁজিবাজার নিয়ে জ্ঞান নেই। অথচ মনে করেন তারা বোঝেন। তারা শুনে শুনে বিনিয়োগ করেন, জুয়াড়িদের পেছনে ছোটেন। যখন কোনো শেয়ার কেনেন, সবাই একটি শেয়ারই কেনেন। এভাবে তারা বারবার বাজার কারসাজিকারকদের দ্বারা প্রতারিত হন।
- বিষয় :
- শেয়ারবাজার