ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

টেকসই এলডিসি উত্তরণে পাশে থাকবে ইকোসক

টেকসই এলডিসি উত্তরণে পাশে থাকবে ইকোসক
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ০৭:৪৩ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ০৮:০১

| প্রিন্ট সংস্করণ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে নিবিড়ভাবে কাজ করবে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ–ইকোসক। বাংলাদেশের উত্তরণ পিছিয়ে দেওয়ার প্রস্তাব বর্তমানে এই পরিষদের বিবেচনাধীন রয়েছে। 

স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ সদরদপ্তরে ইকোসকের সভাপতি লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহ-সভাপতি আমর বেনজামারের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এসব বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর পক্ষে সরকারের প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।

গতকাল শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধ এবং মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। 

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধের উদ্দেশ্য উত্তরণ বিলম্বিত করা নয়। বরং ব্যাপক কাঠামোগত সংস্কার সুসংহত করা, সুশাসন জোরদার, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, আর্থিক খাত শক্তিশালী করা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং একটি শক্তিশালী ও টেকসই মসৃণ উত্তরণ কৌশল বাস্তবায়নের মাধ্যমে উত্তরণকে মসৃণ, টেকসই ও স্থিতিশীল করা বাংলাদেশের উদ্দেশ্য।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

×