ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিএসটিআইতে সোলার প্যানেল টেস্টিং ল্যাবরেটরি চালু

বিএসটিআইতে সোলার প্যানেল টেস্টিং ল্যাবরেটরি চালু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫ | ০৬:৪৮

| প্রিন্ট সংস্করণ

দেশের নবায়নযোগ্য শক্তি খাত শক্তিশালী করতে এবং মানসম্মত সোলার প্যানেলের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বুধবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) একটি অত্যাধুনিক সোলার প্যানেল টেস্টিং ল্যাবরেটরি চালু করেছে। শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান প্রধান অতিথি হিসেবে ল্যাবরেটরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। এ সময় শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, স্রেডা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ডিপিডিসি, ডেসকো, ইডকল, রাজউক এবং বিএসটিআইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএসটিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

অনুষ্ঠানে শিল্প সচিব বলেন, আমদানি এবং দেশে উৎপাদিত সোলার প্যানেলের গুণগত মান উন্নয়নে করতে এই ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টেস্টিং ল্যাবরেটরি স্থাপনের মাধ্যমে বিএসটিআই সৌরবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে সক্ষম হবে, যা ভোক্তা সুরক্ষা নিশ্চিত করবে।

বিএসটিআইর মহাপরিচালক বলেন, দেশে ব্যবহৃত প্রতিটি সোলার প্যানেল হোক পরীক্ষিত, মানসম্মত এবং টেকসই, যাতে মানসম্মত সোলার শক্তিতে বাংলাদেশ আলোকিত হয়। ল্যাবরেটরির উদ্বোধন শুধু প্রযুক্তিগত অর্জন নয়, জাতীয় প্রতিশ্রুতিরও প্রতিফলন। 
বিএসটিআই জানায়, ল্যাবরেটরির মূল প্রযুক্তি এসেছে জার্মানির একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের কাছ থেকে। এর কেন্দ্রে রয়েছে একটি উচ্চ নির্ভুলতা স্ট্যান্ডার্ড সান সিমুলেটর, যা সোলার মডিউলের কার্যদক্ষতা অত্যন্ত নিখুঁত ও নির্ভুলভাবে পরিমাপ করতে সক্ষম। 

আরও পড়ুন

×