ইআরএফের আলোচনায় বক্তারা
আর্থিক খাতের শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাজনৈতিক অঙ্গীকার জরুরি
গতকাল বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমানসহ অন্যরা ফটাে রিলিজ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩৭
| প্রিন্ট সংস্করণ
দেশের ব্যাংক খাতের সুশাসনে ব্যাপক মাত্রায় ঘাটতি তৈরি হয়েছিল। আস্থা পুরোপুরি ফেরাতে না পারলেও পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আর্থিক খাতে সুশাসন ফেরাতে বর্তমান সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। আর্থিক খাতের শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সব রাজনৈতিক দলের অঙ্গীকার থাকতে হবে। পাশাপাশি এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে যেন পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী, কেন্দ্রীয় ব্যাংক সবাইকে দায়বদ্ধ করা যায়।
গতকাল বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত আলোচনায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ কার্যালয়ে ‘ব্যাংকিং খাত সংস্কার: চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয়। ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আরও বক্তব্য দেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
ড. আহসান এইচ মনসুর বলেন, দেশের ব্যাংক খাতের সুশাসনে ব্যাপক মাত্রায় ঘাটতি তৈরি হয়েছিল। এখনও ঘাটতি আছে, তবে আগের তুলনায় উন্নতি হয়েছে। দীর্ঘ মেয়াদে দেশের ভালোর জন্য রাজনৈতিক নেতৃত্বের অঙ্গীকার থাকতে হবে। অবশ্য অনেক রাজনৈতিক দল তাদের অঙ্গীকার ব্যক্ত করেছে।
তিনি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাংক খাতের প্রতি আস্থা ধরে রাখা সম্ভব হয়েছে। ব্যাংক খাতের মূলধন ঘাটতি ও খেলাপি ঋণের সমস্যা রয়েছে।’ তিনি বলেন, তিনি ধারণা করতেন ব্যাংক খাতের ২৭ শতাংশের মতো ঋণ খেলাপি। এখন দেখা যাচ্ছে ৩৬ শতাংশ খেলাপি। এখন কোনো তথ্য লুকানো হচ্ছে না। তাঁর ধারণা আগামী ডিসেম্বর থেকে খেলাপি ঋণ কমতে পারে।
তিনি বলেন, একটি খারাপ অবস্থা থেকে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনা সম্ভব হয়েছে। ব্যালেন্স অব পেমেন্ট বা ডলার নিয়ে এখন কোনো উদ্বেগ নেই। আইএমএফ, বিশ্বব্যাংকের ঋণ ছাড়াই চলতি অর্থবছরের মধ্যে রিজার্ভ ৩৫ বিলিয়নে নেওয়ার লক্ষ্য রয়েছে।
আহসান এইচ মনসুর বলেন, প্রচলিত পদ্ধতিতে গভর্নর নিয়োগ দিলে ‘ইয়েস ম্যান’ পাওয়া যাবে। তবে ব্যাংক খাতের সুশাসনের জন্য তা কার্যকরী হবে না। বিশ্বের উন্নত দেশের মতো গভর্নরকে মন্ত্রী পদমর্যাদা এবং চাইলেই বাদ না দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। তখন তিনি একটা অবস্থান নিতে পারেন। আবার লোক বাছাইয়ের ক্ষেত্রেও একটি প্রক্রিয়া মানতে হবে। এ জন্য প্রস্তাবিত বাংলাদেশ ব্যাংক অর্ডারের সংশোধনী কার্যকর করা খুব জরুরি। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে একটা ফোনেই গভর্নরকে বাদ দেওয়া যায়। যুক্তরাষ্ট্রে এ রকম ব্যবস্থা থাকলে এতদিনে ফেডারেল রিজার্ভের গভর্নর অন্তত ৫০ বার বাদ পড়তেন।
ড. ফাহমিদা খাতুন বলেন, স্বাধীনতার পর ব্যাংক খাত দেশের উদ্যোক্তা তৈরিতে মূল ভূমিকা রেখেছিল। পরে নীতিগত দুর্বলতা, রাজনৈতিক হস্তক্ষেপ এবং যাচাই-বাছাই ছাড়া ঋণ দেওয়ার কারণে এ খাত ধ্বংসের মুখে পড়েছে, যার ফলে খেলাপি ঋণের পরিমাণ ঠেকেছে বার্ষিক বাজেটের প্রায় ৮০ শতাংশে। বর্তমানে ব্যাংক খাতে বিভিন্ন সংস্কারের উদ্যোগ চলমান রাখতে হবে। তাহলে ব্যাংক খাতের শৃঙ্খলা ফেরানো যাবে। এ জন্য রাজনৈতিক দলগুলোর পরিষ্কার প্রতিশ্রুতি থাকতে হবে।
সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ২০০৮ সাল পর্যন্ত ব্যাংক খাতে এক ধরনের শৃঙ্খলা এসেছিল। তবে পরে ভঙ্গুর হওয়া শুরু হয়। ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের মধ্য দিয়ে ব্যাংক মাফিয়াতন্ত্রের সূচনা হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকিং খাতে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। তবে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া শুধু ব্যাংকিং সংস্কার করলেই সব সমস্যার সমাধান হবে না।
- বিষয় :
- ইআরএফ