ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ব্যাংক ও পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানোর সুপারিশ

ব্যাংক ও পুলিশের  মধ্যে সমন্বয়  বাড়ানোর সুপারিশ
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ০৮:০৭ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ১৩:৪৪

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এবং বাংলাদেশ পুলিশের মধ্যে এক সভায় আর্থিক শৃঙ্খলা ও জনআস্থা পুনঃপ্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ব্যাংক খাতের মধ্যে সমন্বয় জোরদারের সুপারিশ এসেছে। এ ছাড়া মানি লন্ডারিং ও আর্থিক অনিয়ম প্রতিরোধ, ব্যাংক-সংশ্লিষ্ট জালিয়াতি ও ঋণখেলাপি মামলার দ্রুত নিষ্পত্তি, ব্যাংক শাখা, এটিএম ও নগদ অর্থ পরিবহনের নিরাপত্তা, সাইবার ও ডিজিটাল পেমেন্ট জালিয়াতিসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষের সহযোগিতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।  

বিএবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংগঠনের চেয়ারম্যান আবদুল হাই সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল গতকাল বুধবার পুলিশের প্রধান কার্যালয়ে আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বৈঠক করেন। এ সময় চেয়ারম্যানের সঙ্গে বিএবির ভাইস চেয়ারম্যান মনজুরুর রহমান ও রোমো রউফ চৌধুরী এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আইজিপির আমন্ত্রণে মতবিনিময় সভায় পুলিশ সদরদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএবি চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জনআস্থার ওপরই একটি সুদৃঢ় ব্যাংক খাত দাঁড়িয়ে থাকে। আমানতকারীদের সুরক্ষা ও আত্মসাৎকৃত সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ পুলিশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার। একটি নিরাপদ ও অধিকতর আস্থাশীল আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে বিএবি ও এর সদস্য ব্যাংকগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত।
সভায় আইজিপি ব্যাংক খাত ও আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পুলিশের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, পুলিশ সদরদপ্তরে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অর্থ) মো. আকরাম হোসেনের নেতৃত্বে পরিচালিত সেলটি ব্যাংকিং সংক্রান্ত যে কোনো সমস্যা মোকাবিলায় কাজ করবে। প্রতারণা ও জালিয়াতি, ঋণখেলাপি, সম্পদ পুনরুদ্ধারসহ যেসব ক্ষেত্রে পুলিশের সহায়তার প্রয়োজন হয়, সেসব বিষয়ে ব্যাংকগুলোর জন্য এই সেলটি যোগাযোগের একমাত্র কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে।

নিয়মিত সংলাপ অব্যাহত রাখা এবং বাংলাদেশ পুলিশ ও ব্যাংক খাতের মধ্যে একটি কাঠামোবদ্ধ সমন্বয় ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সভায় উভয় পক্ষ একমত পোষণ করে।

আরও পড়ুন

×