রাতের আঁধারে পেট্রোল বোমা মেরে আমাদের কণ্ঠরোধ করা যাবে না: নুসরাত তাবাসসুম
ছবি: সমকাল
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৫:৫০ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ১৫:৫৭
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ির প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম ছাড়াও এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত, সংসদ সদস্যের বাবা আব্দুল হালিম (টম মাস্টার) এবং এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নুসরাত তাবাসসুম বলেন, ‘গত ২৮ অক্টোবর রাত ৯টার দিকে একটি ফোনে আমাকে হুমকি দেওয়া হয়। তার আগে-পরে আরও কিছু হুমকিমূলক ফোন আসে আমার কাছে। এই হুমকির পর আমার বাড়িতে হামলা করা হলো। রাতের আঁধারে এভাবে পেট্রোল বোমা মেরে ও আগুন দিয়ে আমাদের কণ্ঠরোধ করা যাবে না। জনগণের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা যেভাবে মাঠে আছি, কোনো হুমকি বা হামলা আমাদের সেই পথ থেকে সরাতে পারবে না। আগুনের পথ পাড়ি দিয়েই আমি আমার কাজ করে যাব।’
তিনি এই হামলাকে পরিকল্পিত ও কাপুরুষোচিত আখ্যা দিয়ে বলেন, ‘সন্ত্রাসী লীগের লোকজন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এ ঘটনাকে কেন্দ্র করে উল্লাস করছেন। হয়তোবা আমাদের দমিয়ে রাখা যাবে, কষ্ট দেওয়া যাবে, দুঃখ দেওয়া যাবে। নুসরাত তাবাসসুমের ছোট্ট এই ঘর পুড়ে যাওয়ার ঘটনার মতো অসংখ্য ঘটনা ১৭ বছর বাংলাদেশের মানুষ দেখেছেন। এ কারণেই আগস্টের মতো ঘটনা ঘটেছে। যারা এ ঘটনা ঘটিয়ে আমাদের দমিয়ে রাখার চেষ্টা করছেন, তাদের মুখে চুনকালি পড়েছে।’
সরকারের সমালোচনা করে নুসরাত তাবাসসুম বলেন, ‘গত মঙ্গলবার রাজধানীর কলাবাগান থানায় এসব বিষয়ে একটি জিডি করা হয়েছিল। কিন্তু তারপরেও ঘটনা থামানো গেল না। সন্ত্রাসী সংগঠন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতি ঘটনার তিন ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে সতর্ক করে উল্লাস করেছিল।’
তিনি বলেন, ‘দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। সংসদে দাঁড়িয়ে স্মার্ট কথা বলে সবকিছু অস্বীকার করলেই সমাধান হয়ে যায় না। তাই দায়িত্ব পালন করতে না পারলে ছেড়ে দেন।’
এই ঘটনাটিকে জুলাই ও জুলাই-সংশ্লিষ্ট আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাদের সকলের জন্য একটি হুমকি উল্লেখ করে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে নুসরাত তাবাসসুম বলেন, আমার পরিবারের সদস্যরা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। প্রশাসনকে বলতে চাই, অনতিবিলম্বে এই নাশকতার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় দলীয়ভাবে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একতলা টিনশেড বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি সম্পূর্ণ পুড়ে যায় এবং দুটি ছাগলের মৃত্যু হয়।
ঘটনার পরপরই গতকাল বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করেন। একই রাতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দলটির পক্ষ থেকে এ হামলার জন্য আওয়ামী লীগের লোকজনকে দায়ী করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত জানান, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা রাস্তা থেকে বাড়িটি লক্ষ্য করে পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি টিনের চালে, একটি গবাদিপশুর শেডে এবং অন্যটি বাড়ির উঠানে পড়ে। ঘটনার খবর পেয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা থেকে রওনা দিয়ে আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ায় পৌঁছেন।
সংসদ সদস্যের বাবা আব্দুল হালিম (টম মাস্টার) সাংবাদিকদের জানান, তাদের পুরোনো টিনশেড বাড়িতে শাবান ইসলাম নামের এক কেয়ারটেকার স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন এবং সেখানে ছোট একটি খামার ছিল। পাশের তিনতলা ভবনে পরিবারের সদস্যরা বসে গল্প করার সময় হঠাৎ তিনটি বিকট শব্দের পর পুরোনো বাড়িটিতে আগুন ধরে যায়। স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত সোয়া ২টার দিকে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।
- বিষয় :
- নুসরাত তাবাসসুম
- অগ্নিকাণ্ড