ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পাটজাত পণ্যের প্রচার ও পরিবেশ সুরক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কপ-৩১-এ বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন

পাটজাত পণ্যের প্রচার ও পরিবেশ সুরক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
×
×

জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক, আনতালিয়া (তুরস্ক) থেকে 

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৫:২৫

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন এবং যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন। পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে তিনি প্যাভিলিয়ন পরিদর্শনে যান। সেখানে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন ধরনের পাটজাত পণ্য ঘুরে দেখেন। এ সময় শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তার কথা হয়। শিক্ষার্থীরা বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য সম্পর্কে আরও জানতে এবং এ বিষয়ে পড়াশোনার আগ্রহ প্রকাশ করেন।

তাঁদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে ব্যাগ, জুতা, ব্লেজারসহ ছোট-বড় ১২৯ ধরনের পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। এসব পণ্য পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সম্ভাবনাময়।

তারা আরও জানান, বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করছেন এবং পাটজাত পণ্যের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। তাঁদের অনেকে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির আগ্রহও প্রকাশ করেছেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×