জার্সি নিয়ে ফারহানকে যা বললেন শ্রীলঙ্কার কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৫:৪৫ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ১৫:৪৭
শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি সাফের আগেই ফারহান আলী ওয়াহিদের প্রশংসা করেছিলেন। তখনই ফারহানের জার্সি নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মুতাইরি। যে কথা, সে-ই কাজ। জাতীয় স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে ফারহানের জার্সি নিলেন মুতাইরি।
বাংলাদেশের কাছে ৪-০ গোলে হেরে সাফের গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শেষে ক্যামেরার লেন্স খুঁজে নেয় ফারহান ও মুতাইরিকে। তখনই দেখা যায়, ফারহান তার জার্সি খুলে লঙ্কান কোচ মুতাইরিকে দিচ্ছেন। মুতাইরির দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও বাংলাদেশ হয়েছে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন। দুই ম্যাচে পাঁচ গোল করা বাংলাদেশ এখনো কোনো গোল হজম করেনি।
ফারহানের কাছ থেকে জার্সি নেওয়ার আগে তাকে ভবিষ্যতের জন্য বার্তাও দিয়েছেন লঙ্কান দলের কোচ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুতাইরি জানান, ফারহানকে তিনি বলেছেন, ‘এভাবেই খেলতে থাকো। আগামী ১০ বছরে তুমি সাফের সেরা খেলোয়াড় হবে। আশা করি, কোনো একদিন আবার তোমার সঙ্গে দেখা হবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ফারহানের পারফরম্যান্সই মুগ্ধ করেছে মুতাইরিকে। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে শ্রীলঙ্কার একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত গোল করেন এই তরুণ। তার ব্যক্তিগত নৈপুণ্যে করা গোলটি দেখে বিস্মিত হয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক হামজা চৌধুরীও।
ম্যাচ শেষে নিজের গোল নিয়ে ফারহান বলেন, ‘ওই জায়গায় বল পাওয়াটা আমার পছন্দের। আমি জানতাম, ডি-বক্সে আমাকে স্পর্শ করলে পেনাল্টি হতে পারে। তাই মাথায় শুধু একজনকে কাটিয়ে শট নেওয়ার চিন্তাই ছিল। ঘরের মাঠে অভিষেকে নিজের প্রথম গোল পেয়ে আমি সত্যিই আনন্দিত।’
- বিষয় :
- ফারহান আলী ওয়াহিদ
- বাংলাদেশ ফুটবল