ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বাংলাদেশ নিয়ে সতর্ক বাভুমা

বাংলাদেশ নিয়ে সতর্ক বাভুমা
×
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৩:০৫

প্রোটিয়া ক্রিকেট তখন এক অতলান্ত অন্ধকারে হাবুডুবু খাচ্ছিল। ভারত, নিউজিল্যান্ড, এমনকি ওয়েস্ট ইন্ডিজে গিয়েও হারের ধাক্কায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তলানিতে ছিল। কিন্তু তাদের ভাগ্য ঘুরে যায় বাংলাদেশ সফরে এসে। ২০২৪ সালে সেবার মিরপুর আর চট্টগ্রাম থেকে জয়ের দেখা পায় দক্ষিণ আফ্রিকা। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মার্করাম-রিকেলটনদের। শেষ পর্যন্ত তারাই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে এবং চ্যাম্পিয়ন হয়ে বাভুমারা ইতিহাস গড়ে। 

আজ প্রায় দুই বছর পর সামনে সেই বাংলাদেশ, এবার অবশ্য দুই টেস্টের সিরিজ জোহানেসবার্গ আর সেঞ্চুরিয়নে। আজ তাদের দিন বদলেছে। কাগিসো রাবাদাদের দল এখন টেস্ট টেবিলের মগডালে; ধরাছোঁয়ার বাইরে। যদিও এই রাজকীয় সিংহাসনে বসেও প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার চোখে ক্লান্তিহীন সতর্কতা। ‘বর্তমান ক্রিকেটে বিশ্বের কোনো দলকেই সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। যে কোনো দিন যে কোনো দল অন্য দলকে চাপে ফেলতে পারে। তাই আমরা চাই না, অপ্রস্তুত অবস্থায় মাঠে নামতে হোক। বাংলাদেশের বিপক্ষে খেলার সময় এলে আমরা যথাযথ প্রস্তুতি নেব। তবে কোনোভাবেই তাদের হালকাভাবে দেখব না।’

১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট খেলতে গতকালই জোহানেসবার্গ পৌঁছেছেন নাজমুল হোসেন শান্তরা। মাত্রই অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে সিরিজ হারানো প্রোটিয়া অধিনায়ক সতর্ক শান্তদের পেস ইউনিট নিয়ে। যেখানে তাঁর ধারণা, সিরিজের দুটি টেস্টের ভেন্যুই পেস সহায়ক হতে পারে। ‘বাংলাদেশের বিপক্ষে আমাদের হাইভোল্টে খেলতে হবে। এই কন্ডিশনে প্রথমে বোলিং করা কতটা সহায়ক, তা আমাদের জানা আছে। আমার মনে হয়, প্রথমে বোলিং করার ক্ষেত্রে তাদের ভালো কিছু শক্তির জায়গা রয়েছে। তাই ব্যাটিংয়ের দিক থেকে আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা যাবে না। মানসিকভাবেও কোনো বিষয় বা সুযোগকে হালকাভাবে নেওয়া যাবে না।’ 

সুপারস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই বাংলাদেশ সিরিজ নিয়ে নিজেদের প্রস্তুতির কথা জানান তিনি। প্রস্তুতি বলতে বাড়তি কিছু নেই, মাত্রই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে। তাই আত্মবিশ্বাসটা তাঁর তুঙ্গে। স্বদেশি টিভি চ্যানেলের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে বাভুমা বছর দুই আগে বাংলাদেশ সফরের কথাও তুলে ধরেন। ‘বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজ আমাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দল হিসেবে এবং ব্যক্তিগতভাবেও ওই সিরিজ আমাদের অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে। দলের অনভিজ্ঞ খেলোয়াড় টনি, কাভেরিমি, ভিয়ান মুল্ডার ও সেন মুথুসামি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে এবং দলের জন্য দারুণ অবদান রেখেছে। আমি তখন চোটের কারণে খেলতে পারিনি। তবে ওয়েইন সোস ও এইডেনের পারফরম্যান্স, বিশেষ করে এইডেন যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে, তা ছিল দারুণ। আমরা জানি, উপমহাদেশের মাটিতে খেলা কখনোই সহজ নয়। কিন্তু সেখানে গিয়ে যেভাবে আধিপত্য বিস্তার করা প্রয়োজন ছিল, সেভাবেই খেলেছি। আমার মনে হয়, ওই পারফরম্যান্স দলের মানসিকতায় বড় পরিবর্তন এনেছিল। একই সঙ্গে সেখানে পাওয়া আত্মবিশ্বাস ও ইতিবাচক ধারাবাহিকতা দলের মধ্যে নতুন গতিশীলতা তৈরি করেছে।’

আরও পড়ুন

×