ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য আজ চেন্নাই যাচ্ছেন আলিস

বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য আজ চেন্নাই যাচ্ছেন আলিস
×
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১২:৪৫ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ১৩:২৯

অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠার পর এবার পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন বাংলাদেশের অফ স্পিনার আলিস আল ইসলাম। বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে আজ বিকেল ৪টায় ভারতের চেন্নাইয়ের উদ্দেশে রওনা হবেন তিনি। আলিসের সঙ্গে যাচ্ছেন পারফরম্যান্স অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু। ভারতের শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে পরীক্ষা দেবেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন ম্যাচ অফিসিয়ালরা। শারজাহতে অনুষ্ঠিত ওই ম্যাচ দিয়েই ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। ম্যাচ শেষে অফিসিয়ালদের প্রতিবেদনে তার বোলিং অ্যাকশন সন্দেহজনক হিসেবে উল্লেখ করা হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির নিয়ম অনুযায়ী, সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠায় অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে হচ্ছে আলিসকে। সেখানে তার বোলিং অ্যাকশন নির্ধারিত সীমার মধ্যে রয়েছে কি না, তা যাচাই করা হবে। পরীক্ষার ফলের ওপর নির্ভর করবে আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিংয়ের ভবিষ্যৎ।

এর আগেও বোলিং অ্যাকশন নিয়ে সমস্যায় পড়েছিলেন আলিস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে আলোচনায় আসা এই স্পিনারের অ্যাকশন ঘরোয়া ক্রিকেটে একাধিকবার প্রশ্নবিদ্ধ হয়েছিল। পরে অ্যাকশন শুধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে নিজের পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে জায়গা করে নেন তিনি।

আরও পড়ুন

×