ফরিদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সমকাল
সালথা (ফরিদপুর) প্রতিনিধি ও ফরিদপুর অফিস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৫:৩২ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ১৫:৫৬
ফরিদপুরের সালথায় রোজিনা বেগম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া বাজার এলাকায় নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রোজিনা বেগম ওই এলাকার ইতালি প্রবাসী মো. বাবুল ঠাকুরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান রোজিনা। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য তা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- বিষয় :
- গৃহবধূর মরদেহ উদ্ধার
- ফরিদপুর