ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সাভার-আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পুলিশের

সাভার-আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পুলিশের
×
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৫:০৩ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ১৫:০৫

টানা ১৩ দিনের অস্থিরতার পর সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শ্রমিকদের আবেগ ও জীবনযাপনের বিষয়কে পুঁজি করে একটি কুচক্রী মহল শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীসহ বিশৃঙ্খলায় জড়িত অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দুই থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার এসব তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। 

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করতেই একটি মহল শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করার চেষ্টা করেছে। তবে বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা জেলা পুলিশের পাশাপাশি শিল্প পুলিশ, এপিবিএন, আরআরএফ এবং মানিকগঞ্জ ও টাঙ্গাইল থেকে আসা পুলিশ সদস্যরা সাভার-আশুলিয়ায় দায়িত্ব পালন করছেন। পেশাদারিত্ব ও আইনের মধ্যে থেকে কোনো প্রাণহানি ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পুরো শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আন্দোলনের নামে বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ এবং পোশাক কারখানায় ভাঙচুরের চেষ্টা করা হয়েছে। এসব ঘটনায় জড়িত অনেককে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে।

‘আন্দোলন শ্রমিকদের নয়, দাবি শ্রমিক নেতাদের’ 
পুলিশ সুপার জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পোশাক কারখানার মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেছে পুলিশ। বৈঠকে শ্রমিক নেতারা জানিয়েছেন, শ্রমিকরা কাজে ফিরতে চান। চলমান আন্দোলন তাদের নয় বলেও দাবি করেছেন তারা।

পুলিশের এই কর্মকর্তা বলেন, শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে আলোচনার জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে। ইতোমধ্যে বোর্ডের দুটি বৈঠক হয়েছে। আগামী জানুয়ারি থেকে নতুন বেতন কার্যকর হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যেক শ্রমিককে মাসে ১০ কেজি করে চাল দেওয়ার একটি তথ্য পেয়েছেন বলেও জানান তিনি। তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন, একজন পরিবারের স্বামী-স্ত্রী দুজনই পোশাক কারখানায় কাজ করলে মাসে ২০ কেজি চাল পাওয়ার সুযোগ তৈরি হবে। এতে পরিবারগুলোর আয়ের জায়গাটাতে উন্নতি আসতে পারে। 

তিনি বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরপরও একটি মহল সরকার ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পেছনে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন পুলিশের ওই কর্মকর্তা। তার দাবি, দেশে ও বিদেশে অবস্থানরত কয়েকজন ব্যক্তি এসব কর্মকাণ্ডে অর্থায়ন করছেন। এ বিষয়ে পুলিশের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। যারা বিভিন্ন স্থানে আত্মগোপনে রয়েছেন, তাদেরও খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে।

সাভার-আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতার জন্য পোশাক কারখানার মালিক, শ্রমিক নেতা ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান পুলিশের ওই কর্মকর্তা। একই সঙ্গে কারখানা খোলা রাখা এবং শ্রমিকদের নিরাপদে কাজে ফেরার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ রাস্তায় দায়িত্ব পালন করছে। কোনো কুচক্রী মহলের ষড়যন্ত্র সফল হতে দেবে না বাংলাদেশ পুলিশ।

আরও পড়ুন

×