জলবায়ু অর্থায়ন ও আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্ব প্রধানমন্ত্রীর
তুরস্কের আনতালিয়ায় জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান- পিএমও
আনতালিয়া (তুরষ্ক) থেকে সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ০৯:০৩ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ১০:২৫
| প্রিন্ট সংস্করণ
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থায়ন, প্রযুক্তিগত সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ৩১) লিডার্স সামিটে অংশ নিয়ে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে এ বিষয়ে গুরুত্ব দেন।
গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে আনতালিয়ার এক্সিবিশন সেন্টারে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান কপ৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম। পরে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তারেক রহমান।
বিভিন্ন দেশের নেতাদের মধ্যে ছিলেন– পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ ও মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান। এ ছাড়া সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি, লন্ডনের মেয়র সাদিক খান, ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদের সঙ্গেও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
বিশ্বনেতাদের অংশগ্রহণে দুপুর সোয়া ১২টায় শুরু হয় আনতালিয়া লিডার্স সামিটের উদ্বোধন অধিবেশন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, লিডার্স লাউঞ্জে নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে।
উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং পারস্পরিক সম্পর্ক বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। উজবেকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামী বছরের কোনো এক সময়ে সফরের বিষয়ে তাঁকে আশ্বস্ত করেছেন। গতকাল আনতালিয়ায় বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাস্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক
আনতালিয়ায় গতকাল চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি, ভারী শিল্প, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, এই বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনসহ বিভিন্ন সম্ভাবনাময় প্রকল্পে চীনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে। এ ছাড়া বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ চীনের সহযোগিতা প্রত্যাশা করেছে জানিয়ে তিনি বলেন, এ সংকটের টেকসই সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের পাশাপাশি একটি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা প্রয়োজন।
তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে অংশগ্রহণ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। নৈশভোজে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সঙ্গে প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী কুশল বিনিময় করেন। আনতালিয়ায় জলবায়ু সম্মেলনের গ্রিন জোনে নৈশভোজের আয়োজন করা হয়।
বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন
গতকাল বিকেলে জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যগুলো ঘুরে দেখেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের উপস্থাপনাও পর্যবেক্ষণ করেন।
প্রধানমন্ত্রীকে প্যাভিলিয়নে অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণসহ পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রদর্শনী পর্যবেক্ষণ করেন। প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে কর্মরত কর্মীদের সঙ্গে কথা বলেন। তাদের কাছে প্যাভিলিয়নের কার্যক্রম, প্রদর্শিত পণ্য এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরার বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান। এ সময় সংশ্লিষ্টরা প্যাভিলিয়নের কার্যক্রম ও প্রদর্শনীর বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
বাংলাদেশের দাবি তুলে ধরার বড় সুযোগ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সমকালকে বলেন, বাংলাদেশের জন্য জলবায়ু অর্থায়ন কপ৩১-এর অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। বৈশ্বিক উষ্ণায়নের জন্য বাংলাদেশের দায় তুলনামূলকভাবে কম হলেও জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির বড় বোঝা বহন করতে হচ্ছে বাংলাদেশকে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনের মতো অভিঘাত মোকাবিলায় বিপুল অর্থ ও উন্নত প্রযুক্তি প্রয়োজন। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন, অভিযোজন কার্যক্রমে পর্যাপ্ত অর্থের জোগান এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর সহায়তা নিশ্চিত করা বাংলাদেশের জন্য জরুরি। উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর পক্ষে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর দাবিও তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি বলেন, কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের এসব দাবি বিশ্বনেতাদের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে জলবায়ু, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সম্ভাবনাও রয়েছে।
গতকাল কপ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়নের ক্ষেত্রে ঋণ নয়, অনুদান প্রয়োজন। বাংলাদেশ জলবায়ু তহবিল থেকে অনুদান প্রত্যাশা করে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনের উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতি এবং তা মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে উপস্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী এবং কপ৩১-এ বাংলাদেশ প্রতিনিধি দলের ডেপুটি পার্টি হেড ড. সাইমুম পারভেজ সাংবাদিকদের বলেন, জলবায়ু সম্মেলনে বাংলাদেশ শুধু নিজেদের জলবায়ু সংকটের কথা তুলে ধরছে না, বরং বিশ্বের জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে চায়। বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাই বাংলাদেশ অভিযোজন তহবিল, প্রশমন তহবিল এবং লস অ্যান্ড ড্যামেজ তহবিল বাড়ানোর দাবি জোরালোভাবে তুলে ধরছে।
- বিষয় :
- তারেক রহমান
- প্রধানমন্ত্রী
- জলবায়ু সম্মেলন
- তুরস্ক