‘না’ বলার পর অপরাধবোধে ভোগেন? মুক্তি পাবেন যেভাবে
ছবি: সংগৃহীত
শৈলী ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৬:৪৩ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ১৬:৪৪
কর্মক্ষেত্র কিংবা ব্যক্তিগত জীবনে অনেকেই অন্যদের ‘না’ বলতে পারেন না। সামর্থ্যের বাইরে গিয়েও অন্যের মন রক্ষার্থে কাজ করেন। কিন্তু শেষমেষ প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে, কোনো কারণে সাহায্য করতে না পারলে ‘না’ কিংবা ‘স্যরি’ বলতে হয়। ‘না’ বলার পর অনেকের মধ্যে অপরাধবোধ কাজ করে। নিজেই নিজেকে দোষী মনে করেন। মূলত নিজের প্রয়োজনীয়তার চেয়ে অন্যের মন জুগিয়ে চলা বা কাউকে নিরাশ করার ভয় আমাদের অনেক সময় নিজের ‘ভালো’ ভুলে যেতে বাধ্য করে। তাতে লাভ হয় না। বরং মনের বোঝা বেড়ে যায়। এমনটাই বলা হয়েছে 'এই সময়'-এর এক প্রতিবেদনে।
মনোবিদদের মতে, মানুষ সামাজিক জীব। তাই অন্য কাউকে হতাশ করার চিন্তাটাই অনেকের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। তার নেপথ্যে যথেষ্ট কারণ রয়েছে।
প্রত্যাখ্যান বা দ্বন্দ্বের ভয়: বহু মানুষ মনে করেন ‘না’ বললে তাঁরা অপর ব্যক্তির কাছে স্বার্থপর প্রতিপন্ন হবেন কিংবা সম্পর্কের অবনতি ঘটবে।
‘ভালো মানুষ’ হওয়ার অদৃশ্য চাপ: সমাজ বা পারিপার্শ্বিক ধারণা অনুযায়ী ভালো মানুষ মানেই সবসময় অন্যের উপকারে নিজেকে নিয়োজিত রাখে। এই ধারণাই মানুষকে নিজের সীমা লঙ্ঘন করতে বাধ্য করে।
অন্যের ক্ষোভকে নিজের ভুল ভাবা: কেউ আপনার সিদ্ধান্ত শুনে অখুশি হলে, অনেকেই সেই হতাশাকে নিজের কোনও বড় ভুল বলে ধরে নেন। অথচ সঠিক কারণ থাকার পরেও এই অস্বস্তি কেবল নতুন অভ্যাসের অভাব ছাড়া আর কিছু নয়।
অপরাধবোধ থেকে মুক্তি পাওয়ার উপায়
অপরাধবোধ থেকে মুক্তি পেতে কাউকে কথা দেওয়ার আগে ভাবুন। সঙ্গে সঙ্গে হ্যাঁ না বলে কিছুটা সময় নিন। ভাবুন কাজটি করার জন্য আপনার হাতে পর্যাপ্ত সময় বা ইচ্ছা রয়েছে কি না।
নম্র ও সংক্ষিপ্ত ভাবে না বলতে পারেন। খুব বেশি ব্যাখা করার প্রয়োজন নেই। সহজ ভাবে বলতে পারেন, ‘আমি দুঃখিত, এই মুহূর্তে কাজটি আমি নিতে পারছি না।’
নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমি কি আসলেই কোনও ভুল করেছি, নাকি অন্য কেউ হতাশ হতে পারে ভেবে আমার খারাপ লাগছে?’
সবাই আপনার সঙ্গে একমত হবে না এটি মেনে নিন। অন্য কারও অসন্তোষ মানেই এই নয় যে আপনি অন্যায় কিছু করেছেন।
বাউন্ডারি সেট করে দিন। নিজের পছন্দ প্রকাশ করা, অতিরিক্ত কোনও দায়িত্ব না নেওয়া কিংবা সিদ্ধান্ত জানানোর আগে একটু সময় চেয়ে নিন।
সব পরিস্থিতিতে মুখের উপর ‘না’ বলা কঠিন। তবে সততার সঙ্গে সিদ্ধান্ত নিলে একদিন সবকিছু সহজ হতে বাধ্য। যদি এই অপরাধবোধ আপনার দৈনন্দিন জীবন বা সম্পর্ক মারাত্মক ভাবে প্রভাবিত করে, তবে অবশ্যই কাউন্সেলারের সাহায্য নিন।
- বিষয় :
- মানসিক চাপ