ত্বকের উজ্জ্বলতা কমাচ্ছে রূপচর্চার যেসব ভুল
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৩:২১
আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে রূপচর্চা বিষয়ক নানা ধরনের পরামর্শ পাওয়া যায়। বিভিন্ন ধরনের তথ্যের ভিড়ে রূপচর্চার সঠিন রুটিন বেছে নেওয়া কারও কারও কাছে বেশ কঠিন হয়ে পড়ে।
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, প্রত্যেকের ত্বকের ধরন ও চাহিদা আলাদা হওয়ায়, না বুঝে ভুল পণ্য বা পদ্ধতি অনুসরণ করলে ত্বকের ক্ষতি হতে পারে। তাদের ভাষায়, ত্বক সুন্দর রাখতে জটিল কোনও রুটিনের প্রয়োজন নেই; বরং ত্বকের বাইরের প্রতিরক্ষামূলক স্তর বা ‘স্কিন ব্যারিয়ার’ সুরক্ষিত রাখাটাই জরুরি।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও জীবনধারা-বিষয়ক ওয়েবসাইট ‘প্রিভেনশন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে রূপচর্চার বিভিন্নরকম ক্ষতিকর ভুল এবং সেগুলো সংশোধনের উপায় তুলে ধরা হয়েছে। যেমন-
১. অতিরিক্ত এক্সফোলিয়েশন বা মেইকআপ না তুলে ঘুমানো। এতে ত্বকের সুরক্ষা স্তর নষ্ট করে লালচেভাব ও প্রদাহ তৈরি করে। দীর্ঘমেয়াদে এর ফলে অকাল বার্ধক্য, বলিরেখা, হাইপারপিগমেন্টেশন এমনকি ত্বকের ক্যানসারের ঝুঁকিও দেখা দিতে পারে। ত্বক সুস্থ রাখতে সপ্তাহে সর্বোচ্চ তিনবারের বেশি মৃদুভাবে এক্সফোলিয়েট করা উচিত নয়।
২. ত্বকে মেকআপ, ধুলোবালি, ঘাম ও তেল জমে থাকলে লোমকূপ বন্ধ করে ব্রণ ও ত্বকের নির্জীবতা তৈরি করে। এ কারণে নিয়মিত ত্বক পরিষ্কার জরুরি।
৩. অকাল বার্ধক্য, কালো দাগ এবং ত্বকের ক্যানসারের প্রধান কারণ হল সূর্যের অতিবেগুনি রশ্মি। এ বারণে সারা বছর প্রতিদিন এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিনযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি।
৪. একই রাতে গ্লাইকোলিক অ্যাসিড, রেটিনল এবং ভিটামিন ‘সি’সেরাম একসঙ্গে স্তরে স্তরে ব্যবহার করলে, ত্বকে তীব্র প্রদাহ ও লালচেভাব দেখা দেয়। প্রতিটি উপাদান আলাদাভাবে উপকারী হলেও একসঙ্গে সব ব্যবহার করলে ত্বকের সুরক্ষা স্তর ক্ষতিগ্রস্ত হয়।
৫. তৈলাক্ত ত্বক হলেও ময়েশ্চারাইজার বাদ দেওয়া ঠিক নয়। কারণ আর্দ্রতার অভাবে তৈলাক্ত ত্বক নিজেকে রক্ষা করতে আরও বেশি তেল উৎপাদন শুরু করে, যা ব্রণ ও প্রদাহ বাড়ায়। এ কারণে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি।
৬. অনেকেই নখ দিয়ে ব্রণ খুঁটতে থাকেন। এতে ব্যাকটেরিয়া ত্বকের আরও গভীরে প্রবেশ করে এবং স্থায়ী কালো দাগ বা ক্ষত তৈরি করে।
৭. টিকটক বা সামাজিক মাধ্যমে রাতারাতি ত্বক বদলে দেওয়ার যেসব ভাইরাল ট্রেন্ড দেখা যায়, সেগুলো ত্বকের জন্য বিপজ্জনক হতে পারে। কোনো বিশেষজ্ঞর পরামর্শ ছাড়া এসব ব্যবহার ঠিক নয়।
৮. বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোলাজেন উৎপাদন বাড়াতে এবং ত্বকের ক্ষয় রোধে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী রুটিনে অ্যান্টিঅক্সিডেন্ট, রেটিনল বা পেপটাইড যুক্ত করা প্রয়োজন।
৯. মনে রাখবেন, ত্বকের সুস্থতা ভেতর থেকে শুরু হয়। রাতের গভীর ঘুম ত্বকের কোলাজেন গঠন এবং সারাদিনের ক্ষয়ক্ষতি মেরামত করতে সাহায্য করে। এছাড়া অতিরিক্ত অ্যালকোহল পান করলে শরীরে ‘গ্লাইকেইশন’ প্রক্রিয়া শুরু হয়, যা কোলাজেন ও ইলাস্টিন ভেঙে ত্বকে দ্রুত বার্ধক্যের ছাপ ফেলে।
- বিষয় :
- ত্বকের সৌন্দর্য
- ত্বকের উজ্জ্বলতা