সুতা আমদানি ইস্যুতে নতুন সিদ্ধান্ত নেয়নি সরকার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ০৮:০২
| প্রিন্ট সংস্করণ
১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা ইস্যুতে নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। বিষয়টি বর্তমানে হাইকোর্ট বিভাগে বিচারাধীন থাকায় এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় সরকারের এ অবস্থান জানানো হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব।
বৈঠকে উদ্যোক্তাদের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শামীম ইসলাম, নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান, তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমানসহ তিন সংগঠনের নেতারা।
সভায় সরকারের পক্ষ থেকে জানানো হয়, ১০-৩০ কাউন্ট সুতা আমদানিতে বন্ড সুবিধা ইস্যুতে আদালতে একটি রিট হয়েছে। আদালতে বিচারাধীন বিষয়টির নিষ্পত্তির আগে ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানির বিধান নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। বৈঠকে উত্থাপিত অন্য বিষয়গুলো সার্বিক দিক বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এনবিআর গত ৭ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপন জারি করে বন্ড সুবিধায় ১০-৩০ কাউন্টের সুতা আমদানি বন্ধ করে দেয়। এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে বিজিএমইএ ও বিকেএমইএ। তাদের দাবি, এ সিদ্ধান্তের কারণে রপ্তানিমুখী পোশাকশিল্পে সংকট তৈরি হয়েছে। অন্যদিকে এ ধরনের সুতা আমদানিতে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার দাবি জানিয়ে আসছে বিটিএমএ। এসব বিরোধ নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার সব পক্ষকে নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে ২০ নভেম্বরের মধ্যে বিষয়টির সুরাহা করতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি।
বৈঠক শেষে বিটিএমএর পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সংগঠনটির প্রতিনিধিরা দেশের স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের সক্ষমতা, বিনিয়োগ, কর্মসংস্থান এবং উৎপাদন কার্যক্রম সুরক্ষিত রাখতে ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে সব ধরনের সুতা ও কাপড় আমদানির ক্ষেত্রে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থায় আমদানির বিধান চালুর প্রস্তাব দেন তারা।
বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান সমকালকে বলেন, বন্ড সুবিধা চালু থাকা অবস্থায় দেশে স্পিনিং শিল্পের ব্যাপক বিকাশ ঘটেছে। আগে যেখানে তিন-চারটি স্পিনিং মিল ছিল, এখন তা বেড়ে ৪০০ থেকে ৫০০টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ বন্ড সুবিধার কারণে ব্যবসার ক্ষতি হয়, এমন প্রমাণ নেই। বন্ড ব্যবস্থায় অপব্যবহার বা চুরির ঘটনা ঘটলে তা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ জন্য পুরো বন্ড ব্যবস্থা বাতিল করা সমাধান হতে পারে না। এ বিষয়ে প্রস্তাব দেওয়া হলে তারা শতভাগ সহযোগিতা করবেন।
ফজলে শামীম এহসান আরও বলেন, ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা বন্ধ রাখার সিদ্ধান্তে স্থানীয় বাজারে সুতার দাম বেড়েছে। বৈশ্বিক বাজারে সুতার দাম যে হারে বেড়েছে, স্থানীয় বাজারে তার চেয়ে বেশি বেড়েছে।
তিনি আরও বলেন, এ-সংক্রান্ত সার্কুলারটি ভুল তথ্যের ভিত্তিতে জারি করা হয়েছে এবং পরে তিনবার সংশোধন করতে হয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় মন্ত্রণালয়কেও সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। তাই আপাতত ত্রুটিপূর্ণ সার্কুলারটি বাতিল করে পরবর্তী সময়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
- বিষয় :
- সুতা আমদানি