সুতা আমদানি
বিটিএমএ সভাপতির বক্তব্যের বিষয়ে বিজিএমইএর দ্বিমত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ | ০৭:২৬
| প্রিন্ট সংস্করণ
গত সোমবার বিভিন্ন গণমাধ্যমে সুতা আমদানি ও বন্ড সুবিধা প্রসঙ্গে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ সভাপতির যে বক্তব্য এসেছে, তার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিমত পোষণ করেছে তৈরি পোশাক রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। গতকাল মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক ব্যাখ্যায় বলা হয়, গত ১৯ জানুয়ারি বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ সংবাদ সম্মেলনে যে তথ্য উপস্থাপন করা হয়েছে সেগুলো পরিসংখ্যানভিত্তিক, কাল্পনিক নয়।
বিজিএমইএর ব্যাখ্যায় বলা হয়, বিটিএমএ সভাপতি বলেছেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে। বাস্তবতা হলো গত ৮ জানুয়ারি ট্যারিফ কমিশনে একটি সভা হয়। সভার কার্যবিবরণী প্রকাশ হয় ১৩ জানুয়ারি। তার এক দিন আগেই বাণিজ্য মন্ত্রণালয় সুতা আমদানিতে বন্ড সুবিধা বন্ধের জন্য এনবিআরকে চিঠি দেয়। এর মানে হলো আলোচনার কোনো গুরুত্বই দেওয়া হয়নি, সিদ্ধান্তটি আগে থেকেই নেওয়া ছিল।
বিজিএমইএ বলেছে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বিটিএমএ সভাপতির বক্তব্যের বরাত দিয়ে বলা হয়েছে, ‘বাণিজ্য মন্ত্রণালয় কেবল ১০ থেকে ৩০ কাউন্টের সুতা বন্ড সুবিধার বাইরে রাখার সুপারিশ করেছে। এতে নতুন করে কোনো শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়নি।’ কিন্তু বন্ড সুবিধা প্রত্যাহার করা হলে ৩৯ শতাংশ কর আরোপ হয়ে যাবে, যা এখন শূন্য। বিটিএমএ সভাপতি দাবি করেছেন যে, বন্ড সুবিধার সুফল কেবল বিদেশি ক্রেতারাই পায়, দেশীয় প্রতিষ্ঠানগুলো নয়। কিন্তু গত কয়েক দশক ধরে বন্ড এবং ব্যাক-টু-ব্যাক এলসি সুবিধা দেশের পোশাকশিল্পকে আজকের শক্তিশালী অবস্থান এনে দিয়েছে।
- বিষয় :
- বিজিএমইএ
