উৎপাদনমুখী অর্থনৈতিক কার্যক্রম ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে
সংকোচনমূলক মুদ্রানীতি বজায় রাখা নিয়ে ঢাকা চেম্বারের প্রতিক্রিয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৪৮
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতি বজায় রাখার সিদ্ধান্তে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) হতাশা ব্যক্ত করেছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণার পর ঢাকা চেম্বার এক প্রতিক্রিয়ায় বলেছে, দীর্ঘ সময় ধরে কঠোর মুদ্রানীতির প্রয়োগ সত্ত্বেও মূল্যস্ফীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণে আসেনি; বরং প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হয়েছে। এর ফলে উৎপাদনমুখী অর্থনৈতিক কার্যক্রম ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
দেশের বেসরকারি খাতের অন্যতম প্রতিনিধি হিসেবে ঢাকা চেম্বার বলেছে, অত্যন্ত উদ্বেগের বিষয়, বেসরকারি খাতের ঋণপ্রবাহ ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসে গত ডিসেম্বর ৬.১ শতাংশ হয়েছে। অস্বাভাবিক উচ্চ সুদের হার এবং ঋণের অতিরিক্ত ব্যয় শিল্প সম্প্রসারণ, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিকে কার্যত স্থবির করে রেখেছে। অন্যদিকে ব্রড-মানির (এম২) প্রবৃদ্ধি গত জুনের ৭ শতাংশ থেকে গত ডিসেম্বরে ৯.৬ শতাংশে উন্নীত হওয়া স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে অর্থনীতিতে মুদ্রা সম্প্রসারণ ঘটছে– যা চলমান কঠোর মুদ্রানীতির কার্যকারিতা ও নীতিগত সামঞ্জস্য নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। এ ছাড়া বেসরকারি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধি নেমে ২০২৫ অর্থবছরে ২২.৪৮ শতাংশে এসেছে, যা ২০২৩ অর্থবছরে ছিল ২৪.১৮ শতাংশ। এ ধরনের অকার্যকর মুদ্রানীতির মাধ্যমে যে কোনো দেশের পক্ষে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন বাস্তবসম্মত নয়।
ঢাকা চেম্বারের মতে, রপ্তানি খাতেও সংকোচনমূলক নীতির নেতিবাচক প্রভাব বেশ স্পষ্ট। গত ছয় মাসে রপ্তানি ধারাবাহিকভাবে কমেছে। ডিসেম্বরে রপ্তানি কমেছে ১৪ শতাংশ, যা বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা দুর্বল করে তুলছে, যা অর্থনীতির স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।
সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ঢাকা চেম্বার দৃঢ়ভাবে বিশ্বাস করে, অতিমাত্রায় কঠোর ও দীর্ঘায়িত সংকোচনমূলক মুদ্রানীতিতে বিনিয়োগ এবং কর্মসংস্থান পুনরুদ্ধার সম্ভব নয়। চেম্বার আগামী নির্বাচিত সরকারের কাছে নীতিহার কমানোসহ একটি বাস্তবভিত্তিক ও প্রবৃদ্ধিবান্ধব মুদ্রানীতি প্রত্যাশা করে, যেখানে রাজস্ব ও মুদ্রা ব্যবস্থাপনার সমন্বিত উদ্যোগ, নমনীয় তারল্য ব্যবস্থাপনা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে অর্থনৈতিক পুনরুদ্ধারের একটি সুস্পষ্ট ভারসাম্য নিশ্চিত করা হবে।
- বিষয় :
- ঢাকা চেম্বার
