সোনা শ্রেষ্ঠা এডিবির দক্ষিণ এশিয়ার মহাপরিচালক
সোনা শ্রেষ্ঠা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৫৮
| প্রিন্ট সংস্করণ
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে নেপালের নাগরিক সোনা শ্রেষ্ঠাকে নিয়োগ দিয়েছে। এই পদে তিনি বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কায় এডিবির কৌশল ও কার্যক্রম প্রণয়ন এবং বাস্তবায়নে নেতৃত্ব দেবেন। গত বৃহস্পতিবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ এশিয়ার মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় পর সোনা শ্রেষ্ঠা তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি সম্মানিত বোধ করছি। এ অঞ্চলের উন্নয়নশীল সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নে সহায়তায় এডিবির সম্পৃক্ততা আরও গভীর করতে আমি আগ্রহী।’
সোনা শ্রেষ্ঠার পেশাগত অভিজ্ঞতা ২৭ বছরের বেশি, যার মধ্যে ২৩ বছরই এডিবিতে। এই নিয়োগের আগে তিনি দক্ষিণ এশিয়া বিভাগের উপমহাপরিচালক ছিলেন। এ ছাড়া তিনি এডিবির স্বাধীন মূল্যায়ন বিভাগে উপমহাপরিচালক, সহকারী সচিব, দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য আর্থিক খাত ও বাণিজ্য বিভাগের পরিচালক এবং ইন্দোনেশিয়ার উপ-কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- বিষয় :
- মহাপরিচালক
