ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আইনশৃঙ্খলা জোরদারের ওপর বিনিয়োগের গতি নির্ভর করবে

আইনশৃঙ্খলা জোরদারের ওপর  বিনিয়োগের গতি নির্ভর করবে
×

ফ্রেডরিক নিউম্যান

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ০৭:২২

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে সাম্প্রতিক সাধারণ নির্বাচনের পর দেশি ও বিদেশি বিনিয়োগ ধীরে ধীরে বাড়তে পারে। তবে এর গতি অনেকাংশে নির্ভর করবে নতুন সরকার আইনশৃঙ্খলা জোরদার এবং বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কতটা সক্ষম হয় তার ওপর। গতকাল সোমবার ঢাকায় দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড: ইকোনমিক প্রসপেক্টস ফর ২০২৬ অ্যান্ড বিয়োন্ড’ শীর্ষক আলোচনার  মূল বক্তব্যে এইচএসবিসি গ্লোবাল রিসার্চের চিফ এশিয়া ইকোনমিস্ট ফ্রেডরিক নিউম্যান এমন মন্তব্য করেন। 
এইচএসবিসি বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আলোচনায় বৈশ্বিক এবং এশিয়ার বাজারগুলোর পাশাপাশি বাংলাদেশের অবস্থান নিয়ে কথা হয়। এ ছাড়া এইচএসবিসি বাংলাদেশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জিগনেশ রুপারেল এইচএসবিসি গ্রুপের সর্বশেষ ফলাফল এবং বিশ্বজুড়ে ব্যাংকটির সক্ষমতা সম্পর্কে আলোচনা করেন।

রাজধানীর হোটেল শেরাটনে আলোচনায় জুমের মাধ্যমে যুক্ত হন ফ্রেডরিক নিউম্যান। তিনি আরও বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এখন সরকারের সামনে সংস্কার এগিয়ে নেওয়া এবং কাঙ্ক্ষিত স্থিতিশীলতা নিশ্চিত করার স্পষ্ট রাজনৈতিক ম্যান্ডেট রয়েছে। নতুন প্রশাসনকে তাদের প্রতিশ্রুতির প্রতি অঙ্গীকার প্রদর্শন করতে হবে এবং তরুণ প্রজন্মের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। নতুন অধ্যায়ের সূচনা এখন।

তিনি বলেন, গত কয়েক বছরে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও বাংলাদেশ দৃঢ়তার সঙ্গে এগিয়ে এসেছে। এইচএসবিসির পূর্বাভাস অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ এবং পরবর্তী অর্থবছরে সাড়ে ৫ শতাংশ হতে পারে। ২০২৬ সালে রপ্তানি আয় ৪ দশমিক ১ শতাংশ বাড়বে বলে তারা ধারণা করছেন। আনুষ্ঠানিক চ্যানেলে আস্থা বৃদ্ধির ফলে রেমিট্যান্স প্রবাহ প্রতিবছর বাড়ছে। রেমিট্যান্স ব্যক্তি খাতের ভোগব্যয়কে সহায়তা করবে। 

এশিয়ার প্রধান অর্থনীতিবিদ আরও বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের পথে রয়েছে। এটি অর্জনে রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ, সুশাসন ও অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কারণে বৈশ্বিক ভোক্তা চাহিদা হ্রাসের ঝুঁকি এখনও বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। তাই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য আলোচনা ত্বরান্বিত করা জরুরি। কারণ এটি বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার। 
এইচএসবিসি বাংলাদেশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জিগনেশ রুপারেল তাঁর উপস্থাপনায় সম্প্রতি প্রকাশিত এইচএসবিসি গ্রুপের বার্ষিক আর্থিক ফলাফল তুলে ধরেন। 
আইসিএমএবির প্রেসিডেন্ট কাউসার আলম বলেন, অনুকূল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এবং শক্তিশালী বেসরকারি খাতের ওপর ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতির রয়েছে বিপুল সম্ভাবনা।
 

আরও পড়ুন

×