ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আকুর দায় শোধের পর কমল রিজার্ভ

আকুর দায় শোধের পর কমল রিজার্ভ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ২১:০৭

রেমিট্যান্সে উচ্চ প্রবাহ বজায় থাকায় বাজার থেকে ডলার কেনা অব্যাহত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলারে উঠেছিল। তবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) জানুয়ারি–ফেব্রুয়ারির জন্য ১৩৭ কোটি ডলার পরিশোধের পর তা কমে ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলারে নেমেছে। আর আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার হয় ২০২১ সালের আগস্টে। তবে প্রচুর ডলার বিক্রির কারণে ধারাবাহিকভাবে কমে আওয়ামী লীগ সরকার পতনের আগে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমেছিল। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অর্থপাচারে কড়াকড়ির ফলে হুন্ডি কমে বৈধ পথে রেমিট্যান্স বাড়ছে।

চলতি অর্থবছরের শুরু থেকে গত ৭ মার্চ পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন ২ হাজার ৩৫৩ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ৯২৬ কোটি ডলার। এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ২২ শতাংশের বেশি। গত অর্থবছর প্রায় ২৭ শতাংশ প্রবৃদ্ধির পর এই উচ্চ প্রবাহ ডলারের দর ১২২ টাকায় স্থিতিশীল রাখতে সহায়ক হয়েছে।

আরও পড়ুন

×