ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জ্বালানি সাশ্রয়ে ব্যাংক কর্মীদের গণপরিবহন ব্যবহারের নির্দেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংক কর্মীদের গণপরিবহন ব্যবহারের নির্দেশ
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ২০:১৪

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি ব্যবহারে ব্যাংকগুলোকে সতর্ক হওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অফিসে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা যাবে না। একই সঙ্গে ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে কার শেয়ারিং ব্যবস্থায় চলাচল করতে বলা হয়েছে। 

বুধবার এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে করে জ্বালানি ও বিদ্যুৎ সংকটের ঝুঁকি মোকাবিলায় জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং রাষ্ট্রীয় সর্বোত্তম ব্যবহারে সরকারের দিক থেকে বিভিন্ন সাশ্রয়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। এরকম অবস্থায় ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, শাখা, উপশাখা ও অন্যান্য অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য নির্দেশনা দেওয়া হলো।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অফিসের ভেতরে বৈদ্যুতিক বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার (এসি) ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে। অপ্রয়োজনে বন্ধ রাখতে হবে। এছাড়া এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা যাবে না। যানবাহনের জ্বালানি খরচ কমানোর লক্ষ্যে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক প্রয়োজনে মিতব্যয়িতা অবলম্বন করতে হবে। ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন এবং সম্ভব হলে শেয়ারিং ব্যবস্থা অনুসরণ করতে বলা হয়েছে। জ্বালানি তেলের ব্যবহার কমাতে অপ্রয়োজনীয় যাতায়াত যথাসম্ভব সীমিত বা পরিহার করতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে– ব্যাংক ভবনের আলোকসজ্জা এবং প্রচারণামূলক বৈদ্যুতিক ডিজিটাল বোর্ড ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত সময়সূচি ও বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করতে হবে। অতিরিক্ত ও অপ্রয়োজনীয় আলোকসজ্জা করা যাবে না। বিদ্যুৎ জেনারেটরে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রেও সাশ্রয়ী পদক্ষেপ নিতে হবে। এছাড়া এর আগে ডলার সঙ্কটের কারণে ২০২২ সালের সেপ্টেম্বরে দেওয়া এ সংক্রান্ত নির্দশনা পরিপালন করতে বলা হয়েছে।

আরও পড়ুন

×