ঝুঁকিপূর্ণ এলাকায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় বাধা অর্থায়ন ও নীতিগত জটিলতা
কর্মশালা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ২১:৪৭
দেশের জলবায়ু-সংকটাপন্ন ও দুর্গম অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানি প্রসারের ক্ষেত্রে প্রযুক্তিগত সক্ষমতা থাকলেও অর্থায়নের ঘাটতি, উচ্চ বিনিয়োগ ব্যয় এবং নীতি বাস্তবায়নের জটিলতা প্রধান বাধা হিসেবে কাজ করছে। বিশেষ করে সুন্দরবন ও হাকালুকি হাওরের মতো পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় টেকসই জ্বালানি সমাধান নিশ্চিত করতে সরকারি-বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।
আজ রোববার রাজধানীর একটি হোটেলে কেয়ার বাংলাদেশ এবং আইডিই বাংলাদেশ-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক জাতীয় কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত ‘নবপল্লব’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। এতে নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় মূল প্রবন্ধে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের পথে প্রধান বাধা প্রযুক্তিগত সীমাবদ্ধতা নয়; বরং কাঠামোগত ও রাজনৈতিক অর্থনীতির জটিলতা। তিনি সবার জন্য সমান জ্বালানি প্রবেশাধিকার নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন ও শক্তিশালী স্থানীয় বাজার ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী পর্বে আইডিই বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর সামির করিম বলেন, জ্বালানির চাহিদা বৃদ্ধির এই সময়ে একটি সহনশীল ভবিষ্যৎ গড়তে নবায়নযোগ্য জ্বালানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ঝুঁকিপূর্ণ এলাকায় নীতিকে বাস্তবে রূপ দেওয়া এখনো বড় চ্যালেঞ্জ।
ব্রিটিশ হাইকমিশন ঢাকার ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট টিমের সদস্য ন্যাথানিয়েল স্মিথ মনে করেন, বাংলাদেশের জ্বালানি রূপান্তর কেবল পরিবেশগত নয়, বরং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতার একটি কৌশলগত পথ।
কর্মশালায় জানানো হয়, কেয়ার বাংলাদেশের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের মাধ্যমে নবপল্লব প্রকল্প মাঠপর্যায়ে সৌর সেচ, বায়ো-ডাইজেস্টারসহ বিভিন্ন উৎপাদনমুখী প্রযুক্তি চালু করেছে। তবে বেসরকারি খাতের প্রতিনিধিরা জানান, দুর্গম গ্রামীণ বাজারে কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় মূলধন পাওয়া, ঝুঁকি ব্যবস্থাপনা এবং টেকসই ব্যবসা বজায় রাখা এখনো বড় চ্যালেঞ্জ।
বিশেষজ্ঞরা মত দেন, প্রযুক্তিগত উদ্ভাবন থাকলেও উচ্চ প্রাথমিক বিনিয়োগ ব্যয় এবং সরবরাহ শৃঙ্খলে দুর্বলতার কারণে এর সুফল প্রান্তিক মানুষের কাছে পৌঁছাচ্ছে না।
সমাপনী পর্বে নবপল্লব প্রকল্পের চিফ অব পার্টি সেলিনা শেলি খান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকারি সংস্থা ও বেসরকারি খাতের মধ্যে জোরালো সমন্বয়ের আহ্বান জানান।
- বিষয় :
- নবায়নযোগ্য জ্বালানি
