কর পদ্ধতি জটিল করা হয় দুর্নীতির সুযোগ সৃষ্টির জন্য
শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ০৭:১৫
| প্রিন্ট সংস্করণ
করদান পদ্ধতি জটিল করা হয় দুর্নীতির সুযোগ সৃষ্টি করার জন্য। করদাতাদের করভীতির চেয়ে করদানে অনীহাই বেশি। এ প্রবণতার অধিকাংশই দেখা যায় উচ্চবিত্তদের মাঝে। উচ্চবিত্তদের ওপর কর আরোপে সরকারও দ্বিধাগ্রস্ত থাকে। কারণ সরকারের মধ্যে ব্যবসায়ীসহ উচ্চবিত্তদের প্রতিনিধিই বেশি।
গতকাল শনিবার রাজধানীর এফডিসিতে ‘প্রাক-বাজেট ছায়া সংসদ’ নামে শিক্ষার্থীদের এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাতিসংঘ মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ড. সেলিম জাহান এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতার আয়োজক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ডিবেট ফর ডেমোক্রেসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানানো হয়।
ড. সেলিম জাহান বলেন, প্রতিটি বাজেটে একটি উন্নয়ন দর্শন থাকা দরকার। বাজেটের মধ্যে সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন থাকতে হবে। আওয়ামী সরকারের আমলে অবকাঠামোগত উন্নয়ন হলেও গুণগত উন্নয়ন না হওয়ায় অর্থনীতি বিপর্যস্ত হয়েছে। সাধারণ মানুষ চায় অর্থনৈতিক জীবনে স্বস্তি ও শঙ্কামুক্ত পরিবেশ।
সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির
লক্ষ্যে হয়রানিমুক্ত ব্যবসায়িক পরিবেশ তৈরি করতে হবে।
‘অর্থনৈতিক সুরক্ষায় রাজস্ব আয় বৃদ্ধি আগামী বাজেটের প্রধান কৌশল হওয়া উচিত’ শীর্ষক ছায়া সংসদে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিতার্কিকদের পরাজিত করে ইস্টার্ন ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
- বিষয় :
- আয়কর
