ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এলডিসি উত্তরণ পেছাতে সুইজারল্যান্ডের সমর্থন চাইলেন বাণিজ্যমন্ত্রী

এলডিসি উত্তরণ পেছাতে সুইজারল্যান্ডের সমর্থন চাইলেন বাণিজ্যমন্ত্রী
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ২১:৩০

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার আবেদন করেছে বাংলাদেশ। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ বিষয়ে সুইজারল্যান্ডের সমর্থন প্রত্যাশা করেছেন। রোববার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সঙ্গে বৈঠকে এ বিষয়ে সহযোগিতা চান তিনি। 

বৈঠকে উল্লেখ করা হয়, বাংলাদেশ ও সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে এবং জিএসপি সুবিধার আওতায় বাংলাদেশ সুইজারল্যান্ডের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান বৈঠকে উপস্থিত ছিলেন। মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়েছে। 

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ সুইস পণ্যের উচ্চ গুণগতমান সম্পর্কে অবহিত। দেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ মধ্যবিত্ত শ্রেণির উল্লেখ করে তিনি বলেন, সুইস পণ্যের দাম প্রতিযোগিতামূলক হলে তারা বেশি গ্রাহক আকর্ষণ করতে পারবেন। সে লক্ষ্যে সেবাধর্মী খাতে বিনিয়োগ বাড়ালে দুই দেশেরই লাভ হবে।

খন্দকার মুক্তাদির বলেন, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ওষুধশিল্প, চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, জাহাজ নির্মাণ শিল্পের মত সম্ভাবনাময় খাতে সুইজারল্যান্ডের বিনিয়োগ বৃদ্ধি দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও শক্তিশালী ভিত দেবে। দুই দেশের ব্যবসায়ী সংগঠন ও চেম্বার অব কমার্সের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং যৌথ উদ্যোগ জোরদারের মাধ্যমে বাণিজ্যের পরিমাণ আরও বাড়ানো সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। 

রাষ্ট্রদূত রেটো রেংগলি বলেন, দুই দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ অনেক বেশি। দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতার মাধ্যমে এই ঘাটতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব। সুইজারল্যান্ড বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী বলেও জানান তিনি। 

আরও পড়ুন

×