এডিবি অর্থায়িত নেসকো প্রকল্পে ৫০ লাখ ডলারের ট্রান্সফরমার সরবরাহ করবে এনার্জিপ্যাক
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ২২:৩৭
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) একটি প্রকল্পে ৫০ লাখ মার্কিন ডলার মূল্যের ট্রান্সফরমার সরবরাহ করবে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
এ লক্ষ্যে এডেক্স কর্পোরেশনের সঙ্গে ৫০ লাখ মার্কিন ডলারের একটি চুক্তি করেছে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং। চুক্তির আওতায় এডেক্স কর্পোরেশনকে ১৫টি ২০/২৮ এমভিএ ট্রান্সফরমার সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে এডেক্স কর্পোরেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিইও ও পরিচালক ইঞ্জিনিয়ার রবিউল আলম এবং এডেক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আজম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় সরবরাহ করা ট্রান্সফরমারগুলো নেসকোর প্রকল্পে ব্যবহৃত হবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বাংলাদেশের বিদ্যুৎ ও প্রকৌশল অবকাঠামো খাতের অন্যতম প্রতিষ্ঠান। ট্রান্সফরমার, সাবস্টেশন ও সুইচগিয়ারসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামের নকশা, উৎপাদন, সরবরাহ, স্থাপন ও কমিশনিংয়ের কাজ করে প্রতিষ্ঠানটি।
আধুনিক উৎপাদন সুবিধা, প্রকৌশল দক্ষতা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও অবকাঠামো প্রকল্পে বৈদ্যুতিক সরঞ্জাম ও প্রকৌশল সমাধান দিয়ে আসছে এনার্জিপ্যাক।
- বিষয় :
- এডিবি