আঞ্চলিক সংযোগে বাংলাদেশের সম্ভাবনা দেখছে এডিবি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ০৯:০৩ | আপডেট: ১৪ আগস্ট ২০২৬ | ১০:৪৩
| প্রিন্ট সংস্করণ
এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে তাঁর পাঁচ দিনের সফর শেষ করেছেন। সফরকালে তিনি এডিবির পরবর্তী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস) নিয়ে উচ্চপর্যায়ের পরামর্শ, সংস্কার ও বিনিয়োগের অগ্রাধিকার নিয়ে নীতি-সংলাপ এবং ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (আইজিএনডি) উদ্যোগের বাস্তবায়ন এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন। এডিবি বাংলাদেশ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানানো হয়।
ইংমিং ইয়াং বলেন, বাংলাদেশে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ ত্বরান্বিত করা এবং অর্থনীতির স্থিতিস্থাপকতা জোরদারের প্রয়োজন ক্রমেই বাড়ছে। তাঁর সফরে অনুষ্ঠিত বিভিন্ন আলোচনায় এডিবি ও বাংলাদেশের অংশীদারিত্বের বন্ধন পুনর্ব্যক্ত হয়েছে। কৌশলগত অঙ্গীকারকে পর্যায়ক্রমিক সংস্কার, বিনিয়োগ উপযোগী প্রকল্প এবং কার্যকর বাস্তবায়নে রূপ দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
এডিবি জানায়, ইংমিং ইয়াংয়ের সফর গত মে মাসে এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দার বাংলাদেশ সফরের পর অর্জিত অগ্রগতিকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করেছে। সরকার ও এডিবি যৌথভাবে আইজিএনডির সঙ্গে সামঞ্জস্য রেখে বছরে এক বিলিয়ন ডলারের বেশি সম্ভাব্য প্রকল্প কর্মসূচি চিহ্নিত করেছে এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বিনিয়োগ উন্নয়ন নিয়ে আলোচনা শুরু করেছে। আঞ্চলিক সহযোগিতা ও সংযোগ জোরদারের মাধ্যমে বাংলাদেশকে পরিবহন, লজিস্টিকস, জ্বালানি ও ডিজিটাল সংযোগের একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা আলোচনায় উঠে আসে। ডিজিটাল সংযোগ আলোচনার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে সরকারের মধ্যমেয়াদি সংস্কার ও উন্নয়ন কাঠামোর সঙ্গে এডিবির পরবর্তী সিপিএসের সামঞ্জস্য, বেসরকারি খাত নেতৃত্বাধীন অর্থনৈতিক বহুমুখীকরণ ত্বরান্বিত করা এবং বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় অর্থনীতির স্থিতিস্থাপকতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়। আইজিএনডির অগ্রগতি ও পরবর্তী পদক্ষেপ,
বিশেষ করে অগ্রাধিকারপ্রাপ্ত প্রবৃদ্ধিকেন্দ্রিক পরিকল্পনা ও প্রকল্প প্রস্তুতি পর্যালোচনা করা হয়। ব্যাংকিং খাত ও পুঁজিবাজারের উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
চট্টগ্রামে আয়োজিত আইজিএনডি-বিষয়ক জাতীয় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইয়াং। তিনি বলেন, এই উদ্যোগ দেশের বিভিন্ন প্রবৃদ্ধি কেন্দ্র, বাজার এবং আঞ্চলিক ও বৈশ্বিক মূল্যশৃঙ্খলের মধ্যে সংযোগ জোরদার করতে পারে।
- বিষয় :
- এডিবি