পার্বত্য চট্টগ্রাম
বিদ্যুৎ সুবিধা বাড়াতে সাড়ে ১৭ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫৯
| প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও বিদ্যুৎ সুবিধার আওতা বাড়াতে ১৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির বোর্ড সভায় এ ঋণ অনুমোদন করা হয়েছে। সাসটেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস প্রজেক্টে এ ঋণ দেওয়া হবে। এর আওতায় খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলার দুর্গম উপজেলাগুলোতে বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হবে।
গতকাল মঙ্গলবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রকল্পটির আওতায় ছয়টি ৩৩/১১ কিলোভোল্ট উপকেন্দ্র নির্মাণ করা হবে। এতে বিদ্যুৎ সরবরাহ সক্ষমতা বাড়বে ৮০ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার। এ ছাড়া কম বিদ্যুৎ ক্ষয় হয় এমন পরিবাহক ব্যবহার করে পাঁচ হাজার ৩২ কিলোমিটার নতুন বিতরণ লাইন নির্মাণ করা হবে। পুরোনো এক হাজার ৮৭৪ কিলোমিটার বিতরণ লাইন, চারটি উপকেন্দ্র, একটি সুইচিং স্টেশন এবং একটি জোনাল মেরামত কেন্দ্রের আধুনিকায়ন করা হবে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং বলেন, এই প্রকল্প দুর্গম এলাকার মানুষকে নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধা দেবে। এতে মানুষের জীবিকার সুযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বাড়বে এবং বাংলাদেশ আরও দুর্যোগ সহনশীল ও কম কার্বন নিঃসরণের পথে এগিয়ে যাবে।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রায় ১৮ লাখ ৪০ হাজার মানুষের বসবাস। তাদের অর্ধেকের বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর। জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সংযোগ প্রাপ্তির হার ৯৯ শতাংশ হলেও পার্বত্য তিন জেলায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ সুবিধা অনেক কম। খাগড়াছড়িতে এ হার ৪৯ শতাংশ, রাঙামাটিতে ৪৩ শতাংশ এবং বান্দরবানে ৪১ শতাংশ। প্রকল্পের মাধ্যমে ২০৩২ সালের মধ্যে ওই অঞ্চলে গ্রিড বিদ্যুৎ সংযোগের হার ৬৮ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
- বিষয় :
- এডিবি