টিকে গ্রুপের মডার্ন সিনটেক্স এডিবির ঋণ পেল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০৬
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশে পলিয়েস্টার চিপ উৎপাদন বাড়াতে মডার্ন সিনটেক্স লিমিটেডকে (এমএসএল) ৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬২৫ কোটি টাকা। এ অর্থে প্রতিষ্ঠানটির পলিয়েস্টার চিপ উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় স্বল্পমেয়াদি চলতি মূলধন জোগানে সহায়তা করবে।
গতকাল মঙ্গলবার ঢাকায় এডিবি এবং মডার্ন সিনটেক্সের মধ্যে এ সম্পর্কিত ঋণচুক্তি সই হয়। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই অর্থায়নের মাধ্যমে মডার্ন সিনটেক্সের পলিয়েস্টার চিপ উৎপাদন সক্ষমতা দৈনিক ১০৭ টন থেকে বেড়ে ৪০৭ টনে উন্নীত হবে। উচ্চ ইনট্রিনসিক ভিসকসিটি (আইভি) সম্পন্ন পলিয়েস্টার চিপ উৎপাদন করা হবে, যা উচ্চমূল্যের পোশাক তৈরিতে ব্যবহৃত হয়।
মডার্ন সিনটেক্স টিকে গ্রুপের একটি প্রতিষ্ঠান। চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠানটির কারখানা। বাংলাদেশের প্রথম কন্টিনিউয়াস পলিমারাইজেশন (সিপি) সুবিধা থাকা এই কারখানা পলিয়েস্টার চিপ, সিনথেটিক সুতা ও ফাইবার উৎপাদন করে, যার প্রধান ক্রেতা দেশের বস্ত্র উৎপাদনকারীরা।
এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, বস্ত্র ও পোশাকশিল্প অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতকে সিনথেটিক কাঁচামালের জন্য আমদানির ওপর অনেকটা নির্ভর করতে হয়। এডিবির দীর্ঘমেয়াদি অর্থায়ন মডার্ন সিনটেক্সকে দক্ষতার সঙ্গে উৎপাদন বাড়াতে, পশ্চাৎমুখী সংযোগ জোরদার করতে এবং সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে সহায়তা করবে।
মডার্ন সিনটেক্সের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী বলেন, এডিবির সহায়তায় পলিয়েস্টার চিপ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো, স্থানীয় সরবরাহব্যবস্থা শক্তিশালী করা এবং আমদানিনির্ভরতা কমানো সম্ভব হবে।
- বিষয় :
- এডিবি