বাড়তি উৎপাদন ব্যয়ে মুনাফা কমেছে লাফার্জহোলসিমের
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৯:৪০ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ | ২০:৫৩
চলতি বছরের প্রথম ৯ মাসে বাংলাদেশের সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিমের কর-পরবর্তী মুনাফা ২১ শতাংশ কমেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি সোমবার তাদের সর্বশেষে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
লাফার্জ হোলসিম জানিয়েছে, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির নিট বিক্রি ৬ শতাংশ বেড়ে প্রায় ২৩০২ কোটি টাকা হয়েছে। কৌশলগত মূল্য নির্ধারণ এবং বিশেষায়িত পণ্যগুলোর চাহিদা বৃদ্ধির কারণে এ অর্জন সম্ভব হয়েছে। তবে এ সময়ে কর-পূর্ববর্তী পরিচালন মুনাফা ১৯ শতাংশ কমে প্রায় ৩৫০ কোটি টাকা হয়েছে।
জ্বালানি এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণে কর-পরবর্তী মুনাফা ২১ শতাংশ কমে প্রায় ২৮০ কোটি টাকা হয়েছে। গত বছরের একই সময়ে কর-পরবর্তী মুনাফা ছিল প্রায় ৩৫৬ কোটি টাকা। কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএস দাঁড়িয়েছে দুই টাকা ৪১ পয়সা। গত বছরের প্রথম ৯ মাসে ইপিএস ছিল তিন টাকা ৬ পয়সা।
লাফার্জ হোলসিমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানির অ্যাগ্রিগেটস ব্যবসা নিজের শক্ত অবস্থান ধরে রেখেছে এবং সন্তোষজনক মুনাফা নিশ্চিত করার মাধ্যমে সামগ্রিক ফলাফলে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রেখেছে।
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় ব্যয় বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক মন্দায় চাহিদা হ্রাস পাওয়া সত্ত্বেও লাফার্জহোলসিম বাংলাদেশ উদ্ভাবনী উদ্যোগ ও দক্ষ পরিচালনার মাধ্যমে গত ৯ মাসে ব্যবসায়িক ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, সামষ্টিক অর্থনৈতিক মন্দা মুনাফার ওপর চাপ সৃষ্টি করলেও, বিশেষায়িত পণ্য যেমন– হোলসিম ওয়াটার প্রোটেক্ট, সুপারক্রিট প্লাস এবং কোস্টাল গার্ড শক্তিশালী অবস্থান ধরে রেখেছে, যা বাজারে কোম্পানির শীর্ষস্থান ও আমাদের পণ্যের প্রতি ক্রেতাদের আস্থা পুনর্ব্যক্ত করে। পাশাপাশি, অ্যাগ্রিগেটস ব্যবসাও চমৎকার ফলাফল অব্যাহত রেখেছে এবং এই পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় পণ্যের দামেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লাফার্জহোলসিম বাংলাদেশের পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি ‘জিওসাইকেল’ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ‘জিওসাইকেল’ এর মাধ্যমে প্রথম ৯ মাসে ৩১,০০০ টনেরও বেশি পুনর্ব্যবহার-অযোগ্য বর্জ্য কো-প্রসেস করেছে এবং প্রায় ১০% জীবাশ্ম জ্বালানির বদলে বিকল্প জ্বালানি ব্যবহার নিশ্চিত করে পরিবেশ সুরক্ষা এবং পরিচালন দক্ষতা উভয়কেই গতিশীল করেছে। বর্তমান বাজারের অস্থিরতা মোকাবিলায় কঠোর ব্যয়-সংকোচন নীতি এবং কৌশলগত মূল্য নির্ধারণ অব্যাহত রেখেছে লাফার্জহোলসিম।
- বিষয় :
- সিমেন্ট