আলিবাবাডটকম- এ ‘স্টেপ ফুটওয়্যার’, বৈশ্বিক বাজারে নতুন সম্ভাবনা
সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ | ১৫:৫২
বাংলাদেশের দেশীয় ফুটওয়্যার শিল্পের আন্তর্জাতিক সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে বিশ্বখ্যাত বিটুবি (B2B) ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবাডটকম-এ ‘ভেরিফায়েড সাপ্লায়ার’ হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার। এর মাধ্যমে বৈশ্বিক ক্রেতাদের কাছে নিজেদের ব্যবসায়িক সক্ষমতা ও রপ্তানি সম্ভাবনা তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে। এই উদ্যোগে স্টেপ ফুটওয়্যারকে সহযোগিতা করছে বাংলাদেশে আলিবাবাডটকম-এর অফিসিয়াল চ্যানেল পার্টনার ম্যাক্সিমো ইন্টারন্যাশনাল।
গত ১ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকার উত্তরার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যার ও ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা নাঈম হোসেন। এ সময় বেলি গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান ও পরিচালক আয়মান জামান এবং ম্যাক্সিমোর বিজনেস ডেভেলপমেন্ট লিড মুস্তাক-উল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘স্টেপ—মাই কমফোর্ট জোন’ স্লোগান নিয়ে গত এক যুগ ধরে দেশীয় বাজারে সুনামের সঙ্গে কাজ করে আসছে স্টেপ ফুটওয়্যার। আলিবাবা ডট কম-এ ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে যুক্ত হওয়ায় এখন বিশ্বের বিভিন্ন দেশের আমদানিকারক ও পাইকারি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ পাবে প্রতিষ্ঠানটি। এছাড়া এর ধারাবাহিকতায় স্টেপ ফুটওয়্যার গেল সেপ্টেম্বরে অনুষ্ঠিত ‘Alibaba.com CoCreate 2026’-এও অংশগ্রহণ করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের ফুটওয়্যার শিল্পের বৈশ্বিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- প্রেস রিলিজ