শ্রমিক আন্দোলন যৌক্তিক, সরকারের বল প্রয়োগে অবস্থার অবনতি: নাহিদ
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ | ২৩:৪৯
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনকে ন্যায্য এবং যৌক্তিক বলে আখ্যা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার ভুলভাবে আন্দোলন মোকাবিলা করায় দেশের পরিস্থিতি এমন অবস্থায় এসেছে। সরকার আন্দোলনে কর্ণপাত না করে বলপ্রয়োগের মাধ্যমে তা থামানোর চেষ্টা করছে।
গাজীপুরে জাতীয় শ্রমিক শক্তির গায়েবানা জানাজায় আইনশৃঙ্খলা বাহিনীর পিটুনিতে আহতদের দেখতে বুধবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজে এসে এসব কথা বলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, আন্দোলন শুরুর এক সপ্তাহ পর মজুরি বোর্ড গঠন করা হয়েছে। মজুরি বোর্ড গঠনের পর তিনদিন পর সভা হয়েছে। এর মাধ্যমে সরকারের অবহেলার বিষয়টি স্পষ্ট হয়েছে।
বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘এটি কোনো শ্রমিক আন্দোলনই নয়।’ অর্থাৎ সরকার এখন পর্যন্ত এই আন্দোলনকে ন্যায্য ও গণতান্ত্রিক দাবির আন্দোলন হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। বরং ষড়যন্ত্রতত্ত্ব দিয়ে আন্দোলনকে ব্যাখ্যা করার চেষ্টা করছে।
নাহিদ বলেন, এই আন্দোলনে সহিংসতা শুরু করেছে বিএনপি নিজেই। শ্রমিকদের ওপর রাষ্ট্রীয় সহিংসতা হয়েছে। সরকারদলীয় সহিংসতা ও নিপীড়নও চলমান রয়েছে। বিএনপির লোকজনকে হকিস্টিক ও স্ট্যাম্প হাতে রাস্তায় নামানো হয়েছে। তারা শ্রমিকদের পেটানোর জন্য রাস্তায় নেমেছেন। তাদের মাঠে নামার দায়িত্ব কে দিয়েছে? দলীয় সন্ত্রাসী লেলিয়ে দিয়ে শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণ ও দমনের চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, পোশাকশ্রমিক তৌফিককে হত্যা করা হয়েছে। তার স্মরণে গায়েবানা জানাজা ছিল। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে পুলিশ, বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ন্যক্কারজনকভাবে হামলা করেছে। এতে শ্রমিক শক্তির আহ্বায়কসহ নারী-পুরুষ মিলিয়ে প্রায় ১৭ জন শ্রমিক আহত হয়েছেন।
এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ আমলে যেকোনো আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখানো হতো। এখন বিএনপি যেকোনো আন্দোলনে আওয়ামী লীগের ভূত দেখছে। এভাবে আন্দোলনের ন্যায্যতাকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। সরকার সম্পূর্ণভাবে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে।
- বিষয় :
- নাহিদ ইসলাম