ব্যাংকে বৈদেশিক মুদ্রার নোট জমা রাখতে পারবে মানি চেঞ্জার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ০৭:৫৭
| প্রিন্ট সংস্করণ
নিরাপদে নগদ মুদ্রা ব্যবস্থাপনা এবং পরিবহনের ঝুঁকি কমাতে লাইসেন্স পাওয়া মানি চেঞ্জারগুলোর বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক। এ ধরনের হিসাব শুধু বৈদেশিক মুদ্রার নোট নিরাপদে সংরক্ষণ, জমা ও উত্তোলনের কাজে ব্যবহার করা যাবে। এসব হিসাবের বিপরীতে কোনো সুদ দেওয়া হবে না। গতকাল বুধবার এ-সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়।
সার্কুলারে বলা হয়েছে, নির্ধারিত সীমা নির্বিশেষে ব্যবসায়িক লেনদেনের পরিমাণ ও ধরন যথাযথভাবে নথিভুক্ত থাকা সাপেক্ষে এসব হিসাবে বৈদেশিক মুদ্রা জমা করা যাবে। নিরাপত্তা নিশ্চিত করতে মানি চেঞ্জারদের নগদ অর্থ পরিবহনের জন্য বৈধ ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) বীমা সংরক্ষণ করতে হবে। অনুমোদিত ডিলার ব্যাংক নির্ধারিত সীমার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা পরিবহনের ক্ষেত্রে লাইসেন্স পাওয়া সিআইটি সেবা প্রদানকারী অথবা নিরাপত্তা প্রহরীসহ নিরাপদ পরিবহন ব্যবস্থা ব্যবহার করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, দিনের শেষভাগে বৈদেশিক মুদ্রা জমার সুবিধার্থে ব্যাংকগুলোকে নিরাপদ কাউন্টার ও অস্থায়ী ভল্ট সংরক্ষণের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে চেক বা উত্তোলন স্লিপের বিপরীতে ব্যাংকে রাখা অর্থ উত্তোলন করা যাবে। তবে উত্তোলনের পরিমাণ সংশ্লিষ্ট হিসাবের স্থিতির মধ্যে সীমাবদ্ধ থাকবে। এ ক্ষেত্রে কোনো ওভারড্রাফট বা ঋণসুবিধা প্রদান করা যাবে না। এ ছাড়া এসব হিসাবের মাধ্যমে অর্থ স্থানান্তর, রেমিট্যান্স এবং তৃতীয় পক্ষের অনুকূলে লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সব লেনদেন অবশ্যই বৈদেশিক মুদ্রার নোটের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আরও নিরাপদ ও কার্যকর হবে। এ খাতে পরিচালনগত ঝুঁকি কমানো ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পরিপালন জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
- বিষয় :
- মানি চেঞ্জার