ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টানা ষষ্ঠবার বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান

টানা ষষ্ঠবার বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান
×

এ কে এম সেলিম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২১ | ১২:২৮ | আপডেট: ১১ অক্টোবর ২০২১ | ১২:২৮

নিট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ'র সভাপতি পদে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। এই নিয়ে টানা ষষ্ঠবার সভাপতি হলেন তিনি। তার প্যানেলের অন্য ৩৪ সদস্যও বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার বিকেএমইএ'র ঢাকা কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এর আগে গত ৭ অক্টোবর নির্বাচনের জন্য সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট ফোরাম ৩৫ পদের জন্য ৩৫টি মনোনয়নপত্র জমা দেয়। কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় ১০ অক্টোবর এই প্যানেলের সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

৩৫ সদস্যের এই পরিচালনা পর্ষদে নির্বাহী সভাপতি পদে মোহাম্মদ হাতেম, সিনিয়র সহ-সভাপতি পদে মনসুর আহমেদ, সহ-সভাপতি পদে ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, আখতার হোসেন অপূর্ব ও আশিকুর রহমান, সহ-সভাপতি (অর্থ) পদে মোরশেদ সারোয়ার সোহেল নির্বাচিত হয়েছেন। 

এই পর্ষদে ২৬ জন পরিচালকের মধ্যে রয়েছেন- মঞ্জুরুল হক, আবু আহমেদ সিদ্দিক, মোস্তফা জামাল পাশা, মো. শামসুজ্জামান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, শ্যামল কুমার সাহা, সাহাদাত হোসেন ভূঁইয়া, খন্দকার সাইফুল ইসলাম, তারেক আফজাল, রাজিব দাস সুজয়, এম আই সিদ্দিক, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, মো.কবির হোসেন, মির্জা আকবর আলী চৌধুরী, আহমেদ নূর ফয়সাল, আব্দুল হান্নান, ইমরান কাদের তুর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ শামসুল আজম, গাজী শহীদ উল্লাহ, আসাদুল ইসলাম, আক্কাস উদ্দিন মোল্লা, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, লুৎফর রহমান ও হারুন অর রশিদ।

গত ১৪ আগস্ট বিকেএমইএ নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠিত হয়। ১৭ আগস্ট তফসিল ঘোষণা করে বোর্ড। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের তারিখ ছিল ৩ ও ৪ অক্টোবর। ৭ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত ১০ অক্টোবর সম্মিলিত নিট ফোরামের ৩৫ জনকেই বিজয়ী ঘোষণা করা হয়। 

১২ নভেম্বর নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারিত ছিল। প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট বিকেএমইএ'র ইজিএমে পরিচালনা পরিষদের সদস্য সংখ্যা ২৭ থেকে বাড়িয়ে ৩৫ জনে উন্নীত করার সিদ্ধান্ত হয়। নির্বাহী সভাপতির নতুন পদও সৃষ্টি করা হয়। পরে প্রস্তাব আকারে পাঠালে বাণিজ্য মন্ত্রণালয় তা অনুমোদন দেয়।

আরও পড়ুন

×