ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

জীবন রে-জীবন...

জীবন রে-জীবন...
×

জাঁ-নেসার ওসমান

প্রকাশ: ২৮ মার্চ ২০২০ | ১৪:২৪

জীবন, জীবন রে তোকে আমি কোথায় রাখি রে? জীবন, এবার তোকে কোথায় রাখি!

'হোম কোয়ারেন্টাইন', 'সোশ্যাল কোয়ারেন্টাইন'- জীবন, এবার তোরে কোথায় রাখি?

আগে ভাবতাম, চিন্তা নাই, মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানাইছি। জীবন রে, তোর কোনো চিন্তা নাই। দ্যাশে গণ্ডগোল দেখলেই সেকেন্ড হোম। জীবনের কোনো ভয় নাই। কিন্তু জীবন, এবার তোকে কোথায় রাখি!

এই যে দ্যাখ, পি.কে. হালদারের মতো কত শত লোক তিন-চার হাজার কোটি টাকা নিয়ে নিজ মাতৃভূমিকে ফোকলা করে পালিয়ে গেল কেন?

জীবন, তোকে সুন্দর আরাম-আয়েশের মাঝে রাখার জন্য; মধুর জীবন যাপনের জন্য। ও রে জীবন, এবার বল আমি কী করি?

কানাডাও তো করোনাভাইরাসমুক্ত নয়! চীন, ইতালি, ইরান, জার্মানি, ফ্রান্স, মালয়-রাশিয়া, ভারত, পাকিস্তান, সুইজারল্যান্ড- কেউ তো বাকি নেই। এখন বল জীবন, এবার তোকে কোথায় রাখি?

তুই যে বললি, 'ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে, দয়াহীন সংসারে..'। এবার তাহলে দূত নয়; ভাইরাস কেন?

করোনাভাইরাস ছাড়া কোনো উপায় ছিল না। কারণ আজকাল দূত পাঠাতে গেলেই, তোরা ক্রসফায়ার, এনকাউন্টার, গুম-খুন- মধ্যরাতে মদের বোতল, ইয়াবা ট্যাবলেট-অস্ত্র মামলা দিয়ে দূতের বাপের নাম ভুলিয়ে দিস। তাহলে বল, দূত পাঠাবো ক্যাম্বায়! ক, তুই ক?

মহাত্মা গান্ধী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- সবাই রাজ-রোষের শিকার। কিন্তু এঁরা সবাই মানবকল্যাণে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন।

কিন্তু তোরা কী করছিস বল?

ব্যাংক লুটেরারা দেশের টাকা চুরি করে বিদেশে হুন্ডি না করলে, মধ্যরাতে দরজা না ভাঙলে আমার কাছে আর্ত-মানবের ফরিয়াদ পৌঁছাত না। ষাট লাখ টাকায় নারকেল গাছ, তিন হাজার টাকায় এক প্যাকেট বিরিয়ানি, পাঁচ হাজার টাকায় বালিশ, সপ্ত-ঋষির হত্যা! বল, এত আর্তনাদ, এত ফরিয়াদ, চুপ থাকা কি যায়?

প্রচুর অসঙ্গতির ফলে, নেচার বল, প্রকৃতি বল, ভগবান বল, হরি বল, তোদের হরিবল অবস্থা দেখে করোনাভাইরাস উপস্থিত।

এই যে আমার গড়া বিশ্বকে তোরা বাউন্ড্রি লাইন দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র গণ্ডিতে ভাগ করলি; তো লাভ কী হলো! করোনাভাইরাস বাউন্ড্রি লাইন দিয়ে আটকানো যায় না। করোনাভাইরাসের পাসপোর্ট-ভিসা লাগে না। আজ তোদের বোধ জাগ্রত হোক।

জীবনের প্রতিটি ক্ষেত্রে অন্যায়-অবিচার, মিথ্যা-জোচ্চুরি, জালিয়াতি খুন-জখম-রাহাজানি দেশে দেশে রাজধানীতে রাজধানীতে ছেয়ে গেছে। তাহলে?

আর কতকাল এমনি রূপে অসুরের রাজত্ব চলবে! তোরা ভুলে যাস যে, 'তোমাকে বধিবে যে, গোকুলে বাড়িছে সে।'

শ্রীকৃষ্ণের হাতে অত্যাচারী কংসরাজের পতন হয়। অন্যায় করলে সাজা তোমায় ভোগ করতেই হবে। তাই বলি, তোমরা শিক্ষা নাও। শিক্ষা গ্রহণ কর। জীবনকে সুন্দর করার জন্য নিজ দেশেই নন্দনকানন সৃজন কর। শিক্ষা-দীক্ষায়, ফুলে-ফলে, নিজ দেশেই; নিজ গ্রামেই সেকেন্ড হোম তৈরি কর। নিজের জীবনে সুন্দর করে বাঁচার জন্য পরিবেশ সৃষ্টি কর। পরের দেশে তোমার জীবনের কোনো নিশ্চয়তা নেই।

ভালো হও, সৎ হও, সুন্দর হও। না হলে তোমার এই সুন্দর জীবন তুমি রাখবে কোথায়?

কে যেন বলেছিল, 'এই জীবনডারে কোন জীবনে থুই?'

আমিও প্রতিধ্বনি করি- তোমার জীবন সুন্দর করার জন্য তোমাকেই ভালো হতে হবে; মানুষ হতে হবে।

'তবে জীবন হবে তোমার ভয়শূন্য, তবেই তোমার জীবন মঙ্গলালোকে ভরে উঠবে। পরির্পূণ হবে তোমার সুন্দর জীবন।'

চলচ্চিত্র নির্মাতা ও রম্য লেখক

আরও পড়ুন

×