চিঠিপত্র
--
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১ | ১২:০০ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ | ১৫:২৫
পদায়ন কতদূর?
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৭৯ কর্মকর্তা উপপরিচালক (বিসিএস, পরিবার পরিকল্পনা) পদে পদোন্নতি পেয়ে গত বছরের ৭ ডিসেম্বর যথারীতি যোগদান করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, অদ্যাবধি কাউকেই পদায়ন করা হয়নি। ফলে কেউ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে এবং কেউ সহকারী পরিচালক পদেই কর্মরত রয়েছেন। ইতোমধ্যে ১০-১২ জন কর্মকর্তা চাকরি থেকে অবসরে চলে গেছেন এবং আরও বেশ ক'জন অবসরে যাওয়ার পথে। অথচ ৬৪ জেলায় এবং অধিদপ্তর মিলিয়ে প্রায় ৮০টিরও বেশি পদ শূন্য রয়েছে। সুদীর্ঘ ২২-২৩ বছর ধরে এসব পদে উপজেলা পর্যায়ের চিকিৎসা কর্মকর্তা (পরিবার পরিকল্পনা) ও সহকারী পরিচালকের মাধ্যমে জোড়াতালি দিয়ে সরকারি কর্মসূচি চালানো হচ্ছে। ৮০টিরও বেশি উপপরিচালকের পদ শূন্য থাকা সত্ত্বেও পদোন্নতিপ্রাপ্ত উপপরিচালকদের পঞ্চম গ্রেড অদ্যাবধি পদায়ন না করায় অধিদপ্তরাধীন ৫৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আশঙ্কা, দুশ্চিন্তা ও অনিশ্চয়তা বিরাজ করছে। অনেকেরই ধারণা বর্তমান সরকারকে হেয় ও প্রশ্নবিদ্ধ করাই এর উদ্দেশ্য। এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
এস. এ. দেবী
পরিবার পরিকল্পনা অধিদপ্তর,ঢাকা
লঞ্চ পারলে ফেরি কেন নয়
বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে প্রতিদিন শত শত লঞ্চ রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। অনুরূপভাবে ঢাকা থেকেও শত শত লঞ্চ দক্ষিণবঙ্গের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যে যেমন ৩-৪ তলাবিশিষ্ট বড় বড় লঞ্চ রয়েছে, তেমনি অনেক ছোট লঞ্চও রয়েছে। এসব লঞ্চের সিংহভাগই রাতে চলাচল করে। শীতকালে ঘন কুয়াশার মধ্যেও এসব লঞ্চ দীর্ঘ নদীপথ পাড়ি দিয়ে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে যায়। অথচ শীতকালে প্রায়ই শোনা যায় কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, শিমুলিয়া-বাংলাবাজার এবং চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল ৮-১০ ঘণ্টা বন্ধ রাখা হয়েছে। যেখানে অনেক ছোট লঞ্চ ঘন কুয়াশার মধ্যে শত শত কিলোমিটার নদী পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছতে পারে, সেখানে ফেরি কেন মাত্র ১০-১৫ কি. মি. নদী পাড়ি দিতে সক্ষম নয় তা জানতে সংগত কারণেই কিছু কৌতূহল জাগা স্বাভাবিক। এ বিষয়ে ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী বিলাসবহুল সুন্দরবন লঞ্চের মাস্টারের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে যেসব লঞ্চ চলে, সেসব লঞ্চে জিপিএস এবং রাডার সংযোগ থাকে, তাই কুয়াশা যত ঘনই হোক না কেন এসব লঞ্চ রাতে/দিনে সমানভাবে চলতে পারে। ছোট ছোট লঞ্চ যদি প্রযুক্তি ব্যবহার করে ঘন কুয়াশার মধ্যেও চলতে পারে, তাহলে ডিজিটালাইজেশনের যুগে ফেরি কর্তৃপক্ষ কি বিষয়টি ভেবে দেখতে পারে না?
শেখ ফরিদ আহমদ
পরিচালক, এলিট সিকিউরিটি সার্ভিসেস লি.
- বিষয় :
- চিঠিপত্র
