ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘চাইনিজ কালচার ডে’ উদযাপন

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘চাইনিজ কালচার ডে’ উদযাপন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৩৫

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘চাইনিজ কালচার ডে ২০২৬’ উদযাপন করা হয়েছে। চীনা ভাষা ও সংস্কৃতির সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের পরিচয় করিয়ে দেওয়া এবং বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক ও একাডেমিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।

ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস (বিআইএল) ও ব্র্যাক ইউনিভার্সিটি কমিউনিকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লাব যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। এতে চীনা সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরতে সাংস্কৃতিক পরিবেশনা ও শৈল্পিক উপস্থাপনা করা হয়। ছিল তাই চি প্রদর্শনী ও চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র গুঝেং পরিবেশনা।

অনুষ্ঠানে বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং বলেন, এ ধরনের আয়োজন বাংলাদেশ ও চীনের মানুষের মধ্যে পারস্পরিক পরিচয় ও বোঝাপড়া বাড়াতে ভূমিকা রাখবে। একই সঙ্গে দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী হবে।

ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে একাডেমিক সম্পর্কের ইতিহাস প্রায় এক হাজার বছরের। ১০৪২ খ্রিষ্টাব্দে বাঙালি বৌদ্ধ শিক্ষক ও ধর্মগুরু অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের চীন সফরের মধ্য দিয়ে এ সম্পর্কের সূচনা হয়েছিল।

অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার আরও বলেন, ব্র্যাক ইউনিভার্সিটির সঙ্গেও চীনের বিশেষ সম্পর্ক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসটি চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ এবং বাংলাদেশের অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশন লিমিটেডের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘ব্র্যাক ইউনিভার্সিটি ও চীন এক অর্থে একই যাত্রার অংশ। আমাদের এই পথচলা অনেক আগেই শুরু হয়েছে। আমরা এই সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই, যাতে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের মানুষের কল্যাণেও একসঙ্গে কাজ করা যায়।’

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আরিফুল ইসলাম বলেন, সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল চীন সফর করেছে। এরপর ব্র্যাক ইউনিভার্সিটি ও চীনের আনহুই নরমাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশ-চায়না সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড রিসার্চ’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া আনহুই নরমাল ইউনিভার্সিটিতেও ‘বাংলাদেশ কালচার সেল’ প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি।

ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ বলেন, ব্র্যাক ইউনিভার্সিটিতে চীনা ভাষা শেখাতে সাতজন নেটিভ ও পাঁচজন নন-নেটিভ শিক্ষক কাজ করছেন। তাদের উদ্যোগে প্রায় ৪ হাজার শিক্ষার্থী গ্র্যাজুয়েট ক্রেডিট কোর্স এবং আরও ২ হাজার শিক্ষার্থী সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, চীনা দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের সেকেন্ড ও থার্ড সেক্রেটারি হুয়াং মউকং ও শিয়া দাওজিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ইয়াং হুই, নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক মা শিয়াওইয়ান এবং ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ডিরেক্টর অধ্যাপক শায়লা সুলতানা। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×