'ছুটির ঘণ্টা' ছবির পরিচালক আজিজুর রহমান মারা গেছেন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ মার্চ ২০২২ | ১১:৫৬ | আপডেট: ১৪ মার্চ ২০২২ | ১২:৫৬
বাংলাদেশের অন্যতম আলোচিত ও ব্যবসা সফল ছবি 'ছুটির ঘণ্টা' এর পরিচালক আজিজুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি...)। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
তার মৃত্যুর খবর পরিচালকের মেয়ে আলিয়া রহমান বিন্দির বরাতে সমকালকে জানিয়েছেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।
সোহান বলেন, সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে কানাডার টরেন্টোতে মারা গেছেন প্রখ্যাত পরিচালক আজিজুর রহমান।
দীর্ঘদিন ধরেই ফুসফুসের সমস্যা ভুগছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে ফুসফুসে পানি চলে আসায় কানাডার টরেন্টোর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
আজিজুর রহমান দেশের একজন গুণী নির্মাতা। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এই সমিতি।
প্রখ্যাত পরিচালক এহতেশামের সহকারী হিসেবে তিনি চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেন ১৯৫৮ সালে। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র লোককাহিনী নির্ভর ‘সাইফুল মুল্ক্ বদিউজ্জামাল’ মুক্তি পায় ১৯৬৭।
এরপর তিনি উপহার দিয়েছেন অশিক্ষিত (১৯৭৮), মাটির ঘর (১৯৭৯), ছুটির ঘণ্টা’র (১৯৮০) মতো কালজয়ী সিনেমা। দীর্ঘ ক্যারিয়ারে তার ৫৪টি চলচ্চিত্রের মধ্যে আরও উল্লেখ করা যায় জনতা এক্সপ্রেস, সাম্পানওয়ালা, ডাক্তার বাড়ি, গরমিল ও সমাধান ইত্যাদি ছবিগুলোর নাম।
- বিষয় :
- ছুটির ঘন্টা
- আজিজুর রহমান
