এক ফ্রেমে চার তারকা
অ্যাকুয়াম্যান খ্যাত জ্যাসন মোমোয়া, কুংফু কিং জ্যাকি চ্যান, বলিউড তারকা শাহরুখ খান ও ব্লাডস্পোর্ট তারকা জিন ক্লাউড ভ্যান ড্যামে।
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০১:০২
বিশ্বের চার তারকা অভিনেতা এক ফ্রেমে বন্দি হয়েছেন। সম্প্রতি সৌদি আরবে আয়োজিত এক ইভেন্টে বলিউড তারকা শাহরুখ খান, কুংফু কিং জ্যাকি চ্যান, অ্যাকুয়াম্যান খ্যাত জ্যাসন মোমোয়া এবং ব্লাডস্পোর্ট তারকা জিন ক্লাউড ভ্যান ড্যামেকে দেখা গেছে এক ছবিতে।
সৌদি আরবে বৈশ্বিক আইকনদের একসঙ্গে করার জন্য 'দ্য জয় ফোরাম' ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের উদ্দেশ্য হলো, সৌদি আরবের বিনোদন শিল্পে বিনিয়োগ করতে পারে- এমন বিনোদন অগ্রগামীদের সন্ধান করা। মূলত সৌদি আরবের বিনোদন শিল্পকে উৎসাহ দেওয়ার জন্যই এ উদ্যোগ।
দু'দিনব্যাপী এ আয়োজনে অংশ নিয়েই শাহরুখ খান এ তিন তারকারও দেখা পেয়ে যান। তাদের সঙ্গে হাস্যোজ্জ্বল শাহরুখ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করেন। পরে গতকাল অনুষ্ঠানের আরও একটি ছবি প্রকাশ করে ভক্তদের সুখবর জানান শাহরুখ খান।
ফেসবুকে নিজের ভেরিফাই পেজে ছবি পোস্ট করে লেখেন, এ আয়োজনে সৌদি সরকার আমাকে 'মোস্ট প্রমিনেন্ট ইন্টারন্যাশনাল তারকা' হিসেবে পুরস্কৃত করল। প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে এ সম্মান অর্জন আমার জন্য ভীষণ গর্বের।'
