এক সিনেমাতে ভাগ্যের চাকা খুলেছে এই অভিনেত্রীর
অনীত পাড্ডা। ছবি: ইন্সটাগ্রাম
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:০২ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:২২
মাত্র একটি সিনেমায় অভিনয় করে ভাগ্যের চাকা খুলে গেছে অনীত পাড্ডার। ‘সাইয়ারা’ নামে সেই সিনেমা দিয়েই কোটি দর্শকের মনোযোগ কেড়েছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, অনবদ্য অভিনয় দিয়ে দর্শক মনে ঝড় তুলতেও সময় লাগেনি। যার সুবাদে বড় ও আলোচিত নির্মাতাদের দৃষ্টি ঘুরে গেছে অনীতের দিকে। সিনেমার পর সুযোগ এসেছে ওটিটি দুনিয়ায় পা রাখার। যার সুবাদে তরুণ এই অভিনেত্রীর দেখা মিলতে যাচ্ছে ‘হুঙ্কার: দ্য রোর’ নামে থ্রিলার সিরিজের।
আজকালসহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, খুব শিগগিরই জিওহটস্টার-এ প্রিমিয়ার হতে চলেছে ‘হুঙ্কার: দ্য রোর’ নামে নতুন থ্রিলার ও কোর্টরম ড্রামার। যেখানে অনীত পাড্ডাকে দেখা যাবে নতুন অবয়বে।
এ সময়ের আলোচিত এই অভিনেত্রী ছাড়াও সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফতিমা সানা শেখ, মহম্মদ জিশান আয়ুব এবং অর্জুন মাথুরের মতো শক্তিশালী অভিনয় শিল্পীরা। খলনায়কের ভূমিকায় দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা রঘুবীর যাদবকে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাম কাপুর, জোয়া হুসেন, চারু শঙ্কর ও রাজেশ শর্মা। নিত্যা মেহরা এবং করণ কপাডিয়া যৌথভাবে পরিচালনা করছেন এই সিরিজটি।

এদিকে গতকাল ১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘হুঙ্কার: দ্য রোর’ সিরিজের টিজার, তবে তার আগেই প্রকাশ্যে এসেছে কাস্টেদের ফার্স্ট লুক পোস্টার। যেখানে উল্লেখ করা হয়েছে সিরিজটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্মাণ করা হয়েছে, অর্থাৎ ১৮ বছরের কম বয়সীদের জন্য এটি উপযুক্ত নয়।
ওটিটি দুনিয়ায় পা রাখার পাশাপাশি অনীত এখন আলোচনায় আছেন খ্যাতিমান পরিচালক ও প্রযোজক সঞ্জয় লীলা বানসালির মনোযোগ কেড়ে নেওয়ায়। ‘সাইয়ারা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সঞ্জয় অনীতকে বেছে নিয়েছেন তাঁর নতুন সিনেমার জন্য। যেটি নির্মিত হচ্ছে কিংবদন্তি অভিনেত্রী মধুবালার ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের গল্প নিয়ে।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত খবরে জানা গেছে, শিগগিরই মধুবালার অবয়ব ধরে পর্দায় আসছেন অনীত পাড্ডা। কিংবদন্তি এই অভিনেত্রীর ব্যক্তিজীবন, অভিনয় ক্যারিয়ার সবটাই তুলে ধরা হবে বায়োপিকে। যেটি প্রযোজনা করছেন সঞ্জয় লীলা বানসালি। পরিচালনার দায়িত্বে আছেন জস্মিত কে রিন।

এটুকু তথ্য দিয়ে নির্মাতারা জানিয়েছেন, শিগগিরই অন্যান্য শিল্পী ও কলাকুশলী চূড়ান্ত করে এই সিনেমার আনুষ্ঠানকি ঘোষণা দেওয়া হবে।
এদিকে মধুবালার বায়োপিকের আগেই শুরু হয়েছে অনীতের ‘শক্তিশালিনী’ সিনেমার শুটিং। হরর-কমিডি গল্পের এই সিনেমাটি পরিচালনা করবেন আদিত্য সরপোতদার।
- বিষয় :
- অনীত পাড্ডা
- বলিউড