ঘনিষ্ঠ দৃশ্যে নিয়ন্ত্রণ হারান অভিনেতা, ফের আলোচনায় সেই চড়-কাণ্ড
জয়া প্রদা ও দলীপ তাহিল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৫৭ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ২১:০৫
ভারতের বর্ষীয়ান অভিনেতা দলীপ তাহিলকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। রিয়্যালিটি শো ‘দ্য ট্রেটর্স ২’-এ তার কিছু মন্তব্য নিয়ে মহিলা প্রতিযোগীদের একাংশের অস্বস্তির মধ্যেই সামনে এসেছে অভিনেতাকে ঘিরে পুরোনো এক বিতর্ক। সেই ঘটনায় জয়া প্রদার নামও জড়িয়ে রয়েছে।
সম্প্রতি ‘দ্য ট্রেটর্স ২’-এ মালয়ালি প্রতিযোগী রিদা থারানাকে দলীপ তাহিল বলেন, তিনি রেগে গেলে নাকি তাকে আরও সুন্দর দেখায়। দলীপের এই মন্তব্য ভালোভাবে নেননি দর্শকদের একাংশ। একই পর্বে শালিনী পাসি ও ক্রিস্টল ডি’সুজাকেও তার কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে দেখা যায়।
এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দলীপ তাহিল ও জয়া প্রদাকে ঘিরে বহু বছর আগের একটি খবর। একসময় দাবি করা হয়েছিল, ‘আখরি রাস্তা’ সিনেমার একটি ধর্ষণের দৃশ্যের শুটিংয়ের সময় দলীপ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। এরপর জয়া প্রদা তাকে চড় মেরেছিলেন।

যদিও দলীপ পরে এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেন। তার বক্তব্য ছিল, জয়া প্রদার সঙ্গে তিনি কখনো একই সিনেমায় অভিনয়ই করেননি। ফলে ওই ঘটনার সত্যতা নিয়েই প্রশ্ন ওঠে।
এক সাক্ষাৎকারে দলীপ জানান, এমন খবর পড়ে তিনি নিজেই বিস্মিত হয়েছিলেন। জয়া প্রদাকে তিনি অত্যন্ত সম্মান করেন এবং তাকে বলিউডের অন্যতম সুন্দর অভিনেত্রী বলেও উল্লেখ করেন। তবে কথিত ঘটনাটি কোন সিনেমায় ঘটেছে, সেটিই তার বোধগম্য হয়নি।
দলীপের ভাষায়, কেউ যদি তাকে সেই সিনেমার নাম দেখিয়ে দেন, তাহলে তিনি বিষয়টি বুঝতে পারবেন। তার যত দূর মনে পড়ে, জয়া প্রদার সঙ্গে তার কোনো দৃশ্য তো ছিলই না, এমনকি একই সিনেমাতেও কাজ করেননি তিনি।

অভিনেতা আরও জানান, শুটিংয়ের সেটে সবসময় সম্মানজনক পরিবেশ বজায় রাখার বিষয়ে তিনি কঠোর ছিলেন। বিশেষ করে অভিনেতা-অভিনেত্রীদের পারস্পরিক সম্মান ও সীমারেখার বিষয়টিকে তিনি গুরুত্ব দিতেন।
দলীপ বারবার স্পষ্ট করেছেন, জয়া প্রদার সঙ্গে তার কখনো কাজ করা হয়নি। বরং তার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠেনি।
ফলে ‘দ্য ট্রেটর্স ২’-এ দলীপকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের মাঝেই পুরোনো এই গল্প সামনে এলেও, অভিনেতার বক্তব্য অনুযায়ী জয়া প্রদার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের সময় নিয়ন্ত্রণ হারানো কিংবা তার হাতে চড় খাওয়ার ঘটনাটি সত্য নয়। সূত্র: আনন্দবাজার অনলাইন